0%

বাণিজ্য, জ্বালানি ও একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরে জোর, ২২-২৩ নভেম্বর ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ২০ নভেম্বর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ২২ ও ২৩ নভেম্বর দু’দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। শুক্রবার নেপালের বিদেশ মন্ত্রকের তরফে এই সফরের কথা জানানো হয়েছে। বাণিজ্য, জ্বালানি, পরিবহণ, বিনিয়োগ এবং পরিকাঠামো উন্নয়ন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সফরের আলোচ্যসূচিতে রয়েছে।

নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২২ নভেম্বর নেপাল এয়ারলাইন্সের বিমানে নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শাহ। তাঁর সঙ্গে থাকবেন অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, বিদেশমন্ত্রী শিশির খানাল, প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা কুমার ব্যাঞ্জনকর এবং সরকারের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

গত ২৭ মার্চ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে বালেন্দ্র শাহের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। যদিও এর আগে সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন তিনি।

শুক্রবার সাংবাদিক বৈঠকে নেপালের বিদেশসচিব অমৃত বাহাদুর রাই জানান, ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসবেন বালেন্দ্র শাহ। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে সাংবাদিক সম্মেলন করবেন। একই দিনে নেপালের প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধি দলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন প্রধানমন্ত্রী মোদি।

বিদেশসচিব জানান, সফরকালে যোগাযোগ ও জ্বালানি সহযোগিতা সংক্রান্ত সম্পন্ন হওয়া কয়েকটি প্রকল্প যৌথভাবে উদ্বোধন করতে পারেন দুই দেশের প্রধানমন্ত্রী। পাশাপাশি নতুন কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও সম্ভাবনা রয়েছে।

নেপালের বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, দুই দেশের মধ্যে বাণিজ্য, পরিবহণ, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামো উন্নয়নে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়া, দুর্যোগ মোকাবিলা এবং মানবসম্পদ উন্নয়নের মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

নেপাল থেকে সরকারি প্রতিনিধি দলে মোট ৩৪ জন সদস্য থাকবেন। নয়াদিল্লিতে তাঁদের সঙ্গে যোগ দেবেন ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত এবং আরও কয়েকজন প্রতিনিধি। এর পাশাপাশি নিজেদের খরচে ৫২ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও এই সফরে অংশ নেবে।

সফরের অন্যতম আকর্ষণ হতে চলেছে ‘নেপাল-ভারত বিজনেস ফোরাম’। নেপালে ভারতীয় বিনিয়োগ আকৃষ্ট করাই এই মঞ্চের মূল লক্ষ্য। এর মাধ্যমে ভারতীয় শিল্পপতি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, তাঁদের বিভিন্ন সমস্যা ও উদ্বেগ সম্পর্কে জানা এবং বিনিয়োগ উৎসাহিত করতে নেপাল সরকারের নীতি ও উদ্যোগ তুলে ধরার সুযোগ তৈরি হবে।

নয়াদিল্লিতে অবস্থানকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নেপালের প্রধানমন্ত্রী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। এছাড়া রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন বালেন্দ্র শাহ।

নেপালের বিদেশ মন্ত্রকের মতে, এই সফরের মাধ্যমে দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতার বিস্তৃত ক্ষেত্রগুলি পর্যালোচনা করে ভবিষ্যতে অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। আগামী ২৩ নভেম্বরই কাঠমান্ডুতে ফিরে যাওয়ার কথা রয়েছে নেপালের প্রধানমন্ত্রীর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker