লালকেল্লার কাছে বেআইনি পার্কিং চক্রের পর্দাফাঁস, জাল পুরনিগমের রসিদ-সহ গ্রেফতার এক

নয়াদিল্লি, ২০ নভেম্বর : দিল্লির ঐতিহাসিক লালকেল্লা সংলগ্ন এলাকায় বেআইনি পার্কিং চক্রের পর্দাফাঁস করল পুলিশ। পুরনিগমের (এমসিডি) নাম ব্যবহার করে জাল পার্কিং রসিদের মাধ্যমে গাড়িচালকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে নগদ ১,৩০০ টাকা এবং ১০০টি পার্কিং রসিদ-সহ একটি বুকলেট উদ্ধার করেছে পুলিশ।
ধৃতের নাম মহম্মদ নওশাদ। তিনি দিল্লির শাস্ত্রী পার্কের বাসিন্দা। তাঁর আদি বাড়ি বিহারের সাহারসা জেলার ভেলাহি কালান গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ নভেম্বর লালকেল্লা পুলিশ ফাঁড়িতে খবর আসে, আপার সুভাষ মার্গে মেট্রো গেট নম্বর ২-এর কাছে এক ব্যক্তি এমসিডির নামযুক্ত পার্কিং রসিদ দিয়ে গাড়িচালকদের কাছ থেকে পার্কিং ফি আদায় করছেন। অথচ ওই পার্কিং পরিচালনার জন্য তাঁর কোনও বৈধ অনুমতি নেই।
খবর পেয়ে লালকেল্লা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সাব-ইন্সপেক্টর সতীশের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। দলে ছিলেন এসআই যোগেন্দ্র কুমার এবং হেড কনস্টেবল রোহিত। কোতোয়ালি থানার ওসি ইন্সপেক্টর সুমন কুমারের তত্ত্বাবধানে এবং এসিপি আমনদীপ কৌরের নির্দেশনায় অভিযান চালানো হয়।
সকাল প্রায় ১০টা ৪০ মিনিট নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, এক ব্যক্তি গাড়িচালকদের ডেকে পার্কিংয়ের জায়গা দেখিয়ে দিচ্ছেন। পুলিশকে দেখেই ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ তাঁকে আটক করতে সক্ষম হয়। পার্কিং পরিচালনার বৈধ অনুমতিপত্র, লাইসেন্স কিংবা বরাদ্দ সংক্রান্ত নথি চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি।
তদন্তে পুলিশ জানতে পারে, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর থেকে তিন বছরের জন্য নওশাদকে ওই পার্কিং পরিচালনার লাইসেন্স দিয়েছিল এমসিডি। কিন্তু নির্ধারিত বকেয়া অর্থ জমা না দেওয়ায় ২০২৬ সালের আগস্ট মাসে তাঁর লাইসেন্স বাতিল করা হয়। তা সত্ত্বেও তিনি এমসিডির নামযুক্ত পার্কিং রসিদ ব্যবহার করে অবৈধভাবে টাকা আদায় চালিয়ে যাচ্ছিলেন।
এই ঘটনায় ১৯ নভেম্বর কোতোয়ালি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) এবং ৩১৯(২) ধারায় ১০৬৬/২০২৬ নম্বরে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং বেআইনি কারবার কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ। উত্তর জেলা পুলিশের লালকেল্লা পুলিশ ফাঁড়ির কর্মীরা এই অভিযান পরিচালনা করেন।



