0%

অ্যাপেই মিলবে শহরের সব বাড়ি ও ফ্ল্যাটের তথ্য! রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে বড় পরিকল্পনা পুরসভার

SOBDIK NEWS: পুরসভার একাধিক কাজে এবার প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা। রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনা ও পুরসভার নানা পরিষেবার উপর নজরদারি বাড়াতে একটি অ্যাপ আনার কথা ভাবছে শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipal Corporation)। সেই অ্যাপের আওতায় শহরের সব বাড়ি ও ফ্ল্যাটের তথ্য থাকবে।

অভিনব অ্যাপের পরিকল্পনা শিলিগুড়ি পুরসভার | (Siliguri Municipal Corporation)

বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভার আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানে অ্যাপ সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরিকল্পনা করা হয়েছে, পুরকর আদায়, বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ সহ পুরসভার একাধিক কাজে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে।

পুরসভার পরিকল্পনা অনুযায়ী, শহরের প্রত্যেকটি বাড়ি ও বিল্ডিংয়ের তথ্য অ্যাপে নথিভুক্ত করা হবে। সেই অ্যাপে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য বাসিন্দাদের নামও থাকবে। পাশাপাশি কর জমা দেওয়ার প্রক্রিয়াও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মিড ডে মিল সংক্রান্ত রাজ্যের নতুন বিজ্ঞপ্তি! গুরুতর অভিযোগে সরব শিক্ষক সংগঠন

পুর এলাকার বাসিন্দারা যাতে সহজেই অনলাইনে কর জমা করতে পারেন, সেই জন্য একটি পোর্টাল চালু করার পরিকল্পনা করা হয়েছে। নাগরিকরা যাতে সহজেই বকেয়া পুরকর জমা করতে পারেন তার উপরেও জোর দিয়েছেন পর্যটনমন্ত্রী।

শঙ্কর বলেন, “অনেক নাগরিক কর ফাঁকি দিয়ে উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছেন। এই নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। শহরে যতগুলি বৈধ হোর্ডিং থাকার কথা তার থেকে বেশি রয়েছে। আগামীদিনে শহরের নানা জায়গায় থাকা হোর্ডিং ও কিয়স্কগুলিতে কিউআর কোড রাখার ব্যবস্থা করা হবে।“

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জীবনের প্রায় সব ক্ষেত্রেই এখন প্রযুক্তির রমরমা। আগে নানা সরকারি কাজের জন্য এক দফতর থেকে আরেক দফতরে ছুটতে হত। এখন সেটাও অনেকক্ষেত্রে বাড়ি বসে হয়ে যায়। এবার নাগরিকদের সুবিধার্থে ও রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করেছে শিলিগুড়ি পুরসভা। নতুন অ্যাপ ও পোর্টাল চালুর পরিকল্পনা করা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker