ভেঙেছে হাত! ১০ সপ্তাহ মাঠের বাইরে এডমুন্ড, ম্যাচ শেষে রেফারিদের সঙ্গে বচসায় জড়ালেন হাবাস

ঘরে ফিরলেও জয়ে ফেরা হল না ইস্টবেঙ্গলের (East Bengal)। যুবভারতীতে দিল্লি এফসি’র বিরুদ্ধে ম্যাচ শেষ হল ২-২ গোলে। ম্যাচের পর রেফারিদের সঙ্গে ঝামেলায় জড়ান লাল-হলুদের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। পরে সাংবাদিক সম্মেলনে রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দেন। তবে শুধু পয়েন্ট নষ্ট নয়, আরও বড় দুঃসংবাদ আইএসএল চ্যাম্পিয়নদের জন্য। হাতের কবজি ভেঙে গিয়েছে, তাই ১০ সপ্তাহ মাঠের বাইরে এডমুন্ড লালরিন্ডিকা।
আইএসএলে ইস্টবেঙ্গলের জয়রথ আচমকাই থেমে গিয়েছে। চেন্নাইয়িন এফসি’র কাছে ৩-৫ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল হাবাসের সামনে। তার মধ্যে এটাই ছিল আইএসএলে ঘরের মাঠে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। কিন্তু কোথায় কী! দু’বার পিছিয়ে পড়ে এডমুন্ড ও একে লোবার গোলে সমতা ফেরালেও জয়ের দেখা পায়নি। ম্যাচের পর মেজাজ হারান হাবাস। মাঠেই বোতল আছড়ে মারেন। পরে রেফারিদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন। ইস্টবেঙ্গল ম্যানেজার তাঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে সাংবাদিক সম্মেলনে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাদের একটা পেনাল্টি প্রাপ্য ছিল। দানি রামিরেজকে ফাউল করা হল। কিন্তু ওদের কাউকে হলুদ কার্ড দেখানো হল না। আমরা গোটা ম্যাচ জুড়ে লড়াই করলাম। কিন্তু রেফারির সিদ্ধান্তে সব অঙ্ক বদলে গেল। রেফারি তো কোনও দিকে দেখছেনই না। এ তো হাস্যকর ঘটনা।”
তবে সমস্যার এখানেই শেষ নয়। হাতে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল এডমুন্ডকে। হাবাস জানান, অন্তত ১০ সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। আড়াই মাস অর্থাৎ এডমুন্ডের মাঠে ফিরতে অন্তত ফেব্রুয়ারি। ততদিনে আইএসএলে প্রথম লেগের ডার্বি-সহ অনেক ম্যাচই হয়ে যাবে। এমনিতেই চোটের জন্য আনোয়ার দলে নেই। এর মধ্যে এডমুন্ডের চোটে সমস্যা বাড়ল ইস্টবেঙ্গলের।
শেয়ার
লিংক



