‘ধর্ম আলাদা হলেও একসঙ্গে বসবাসে বাধা নয়’! ভিনধর্মের দম্পতিকে নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের

SOBDIK NEWS: সকল প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকের জীবনসঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতা আছে। তাতে কেউ হস্তক্ষেপ করতে পারে না। ভিনধর্মের এক দম্পতির (Interfaith Couple) মামলায় ফের একবার একথা স্মরণ করিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, অবিলম্বে ওই দম্পতি ও তাঁদের পরিবারের সদস্যদের পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে হবে।
বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট | (Calcutta High Court)
জানা গিয়েছে, একটি হিন্দুত্ববাদী সংগঠনের তরফে ক্রমাগত হুমকির মুখে পড়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভিনধর্মের এক যুগল। অভিযোগ, তাঁদের বিয়ের রেজিস্ট্রেশনের নোটিশ ফাঁস হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট সংগঠনের কয়েকজন সদস্য পাত্রী ও তাঁর পরিবারকে হুমকি দেন। বিয়ে না ভাঙলে বাড়ি জ্বালিয়ে দেওয়া ও প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পাত্রীর অভিযোগ, এক পুলিশ আধিকারিক তাঁকে ফোন করে জানান, তাঁর স্বামীর বিরুদ্ধে তাঁর মা অপহরণের অভিযোগ দায়ের করেছেন। এরপর ওই পুলিশ আধিকারিক তাঁকে বাপের বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন। এই নিয়ে পুলিশে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা।
আরও পড়ুনঃ হকারদের দেওয়া হবে বিশেষ ই-কার্ট! পুনর্বাসন নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন অগ্নিমিত্রা
আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় হাইকোর্টে ওই দম্পতির হয়ে সওয়াল করেন। নববিবাহিত এই দম্পতি স্বেচ্ছায় সংসার করছেন। তাঁরা যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সেই জন্য পুলিশি নিরাপত্তার আবেদন জানানো হয়েছে।
পাত্রীও আদালতে হলফনামা দিয়ে জানান, তিনি স্বেচ্ছায় স্বামীর সঙ্গে বৈবাহিক জীবন এগিয়ে নিয়ে যেতে চান। সবদিক খতিয়ে দেখার পর বিচারপতি ভট্টাচার্য স্পষ্ট জানান, কোনও দম্পতির ধর্ম আলাদা হলেও তাঁদের একসঙ্গে বসবাস করায় বাধা দেওয়া যাবে না।
বিচারপতি ভট্টাচার্য বলেন, “ভারতীয় সংবিধানের পার্ট থ্রি অনুযায়ী, প্রত্যেক প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকের নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে। কোনও পরিস্থিতিতেই সেই অধিকারে হস্তক্ষেপ বা নাক গলানো উচিত নয়।“
পুলিশকে হাইকোর্টের নির্দেশ, মামলাকারী দম্পতি ও তাঁদের পরিবারের সদস্যদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। অবিলম্বে এই পদক্ষেপ নিতে বলেছে আদালত।



