নিউজিল্যান্ড সিরিজে ৪ ম্যাচে মাত্র ৩০ রান, বিশ্বকাপে আদৌ খেলবেন রোহিত? সিদ্ধান্ত নিয়ে ফেলল বোর্ড

চার ম্যাচে সংগ্রহ মাত্র ৩০ রান! পেস সহায়ক পিচে কার্যত অসহায়ের মতো আত্মসমর্পণ। নিউজিল্যান্ড সিরিজের পর ফের প্রশ্ন উঠতে শুরু করে আগামী বছর বিশ্বকাপে আদৌ রোহিত শর্মাকে খেলানো ঠিক হবে তো? সূত্রের খবর, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিসিআই। বোর্ড কর্তারা নিউজিল্যান্ড সফরের ব্যর্থতাকে সেভাবে গুরুত্ব দিতে চাইছেন না। বিসিসিআই ঠিক করে ফেলেছে, আগামী ওয়ানডে বিশ্বকাপে রোহিত খেলছেন। যেমন খেলছেন বিরাট কোহলিও।
টেস্ট ও টি-২০ থেকে অবসর এবং ওয়ানডে-তে অধিনায়কত্ব হারানোর পর থেকেই রোহিত শর্মার নামের পাশে প্রশ্নচিহ্ন লেগে রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজের পর সেই প্রশ্নচিহ্নটা আরও বড় হয়েছে। কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের মধ্যে একটি ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। বাকি চার ম্যাচে সাকুল্যে রোহিতের সংগ্রহ ৩০ রান। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে কঠিন পরিস্থিতিতে ২৩ রান করেন। দুই ম্যাচে করেছেন শূন্য। রবিবার চতুর্থ ম্যাচে করলেন ৭। পরপর এই ব্যর্থতার চেয়েও যেটা বেশি চোখে পড়েছে, সেটা হল তাঁর ব্যাটিংয়ের ধরন। হিটম্যানকে যেন চার ম্যাচের কোনওটিতেই স্বচ্ছন্দ লাগেনি। কখনও মনে হয়নি তিনি সেট, বড় রান করতে পারেন।
রোহিতের এই ব্যর্থতা স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপে তাঁর থাকার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছিল। অবশ্য প্রশ্ন বিরাটকে নিয়েও তুলছিলেন কেউ কেউ। নিউজিল্যান্ডের সুইংয়ের সামনে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলিও। প্রথম ম্যাচের ভালো ইনিংস বাদ দিলে তিনিও ব্যর্থ। ৪ ম্যাচে তাঁর সংগ্রহ ৮৬ রান। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, নিউজিল্যান্ডের এই ব্যর্থতাকে পাত্তা দিচ্ছে না বোর্ড। বিসিসিআই ঠিক করে ফেলেছে, ২০২৭ বিশ্বকাপে দুই অভিজ্ঞ ব্যাটারকে সঙ্গে নিয়েই পরিকল্পনা করা হবে।
বোর্ডের এক কর্তা সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিরাট এবং রোহিত দু’জনেই কিংবদন্তি। ওদের অভিজ্ঞতা ছাড়া বিশ্বকাপ জেতা সম্ভব হবে না। তাছাড়া ওদের উপর বোর্ড কোনও সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। ওরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবেন।” সূত্রের খবর, কোচ গম্ভীরকেও বলে দেওয়া হয়েছে, দুই কিংবদন্তিকে বাদ দিয়ে বিশ্বকাপের পরিকল্পনা করা যাবে না। গম্ভীরও বোর্ডের সেই মতামত মেনে নিয়েছেন। তিনিও মানছেন দক্ষিণ আফ্রিকায় রোহিত-বিরাটের অভিজ্ঞতা কাজে লাগবে।
শেয়ার
লিংক



