আমেরিকায় রাহুল গান্ধীর মন্তব্যের কড়া সমালোচনায় এনডিএ নেতারা, ভারতের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগ

নয়াদিল্লি, ২০ নভেম্বর : আমেরিকা সফরে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিদেশনীতি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র সমালোচনা করলেন এনডিএ নেতারা। তাঁদের অভিযোগ, বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। তাঁর বক্তব্যে পাকিস্তানের স্বার্থও পরোক্ষভাবে সুবিধা পাচ্ছে বলে দাবি করেছেন তাঁরা।
আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর বলেন, রাহুল গান্ধী কখন কী বলবেন, তা কেউ জানেন না। তাঁর কথার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। বিদেশ সফরেও তিনি সব সময় ভারতকে প্রশ্নের মুখে দাঁড় করান। এমনকি দেশের ভিতরেও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে মন্তব্য করে থাকেন। তাঁর বক্তব্যের বিশ্বাসযোগ্যতা ক্রমশ হারিয়ে যাচ্ছে বলেও দাবি করেন রাজভর।
বিজেপি নেতা রাম কদমও রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, রাহুল গান্ধীর নাম বাদ দিয়ে তাঁর কোনও বক্তব্য বা সামাজিক মাধ্যমের পোস্ট কাউকে দেখানো হলে, এমনকি স্কুলপড়ুয়া শিশুও বলতে পারবে যে এ ধরনের মন্তব্য পাকিস্তানে বসে থাকা কোনও ভারতবিরোধী ব্যক্তির বক্তব্য হতে পারে।
রাম কদমের আরও অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে কেন বারবার পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির মাথারা খুশি হন, তা তিনি বুঝতে পারছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করতে গিয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি ভারতের বিরোধিতা করছেন এবং এর ফলে পাকিস্তানের জঙ্গি মদতদাতারা সুবিধা পাচ্ছেন বলে দাবি করেন বিজেপি নেতা।
বিজেপির মুখপাত্র প্রতুল শাহদেও-ও কংগ্রেস নেতাকে আক্রমণ করেন। তাঁর দাবি, গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উঠে এসেছে। অন্য দেশগুলির মধ্যেকার বিরোধ মেটানোর ক্ষেত্রেও ভারত এখন ভূমিকা পালন করছে। কিন্তু রাহুল গান্ধী এই পরিবর্তন উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিদেশনীতি নিয়ে সমালোচনা করে রাহুল গান্ধী সম্প্রতি দাবি করেন, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত এখন অনেকটাই ‘পার্শ্বচরিত্রে’ পরিণত হয়েছে। অন্যদিকে, আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় পাকিস্তান ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে এক আলাপচারিতায় রাহুল গান্ধী বলেন, ভারতের আকার এবং বিশ্বের প্রধান শক্তিগুলির সঙ্গে সম্পর্কের গুরুত্ব বিবেচনা করলে আন্তর্জাতিক আলোচনায় দেশের আরও বড় ভূমিকা থাকা উচিত। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।



