0%

শ্রীলঙ্কাকে হারিয়ে দু’বছর পর সিরিজ জয় পাকিস্তানের, কতটা প্রভাব পড়বে টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকায়?

শ্রীলঙ্কাকে হারিয়ে দু’বছর পর সিরিজ জয় পাকিস্তানের। ৮ উইকেটে জয় পেয়েছেন বাবর আজমরা। একদিকে যখন জয়ের আনন্দে মাতোয়ারা পাক দল, অন্যদিকে টানা চার অ্যাওয়ে টেস্ট সিরিজ হেরে বিষাদ শ্রীলঙ্কায়। আরও পরিসংখ্যান হল, চলতি বছর কোনও টেস্টেই জয়ের মুখ দেখল না লঙ্কান বাহিনী। ১৯৯৭ সালের পর এমন লজ্জার নজির গড়ল দ্বীপরাষ্ট্র।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে এটি ছিল পাকিস্তানের প্রথম সিরিজ জয়। প্রথম ইনিংসে মাত্র ৯৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। বলাই বাহুল্য, এত কম পুঁজি নিয়ে টেস্ট জেতার স্বপ্ন দেখা অলীক কল্পনার শামিল। কুশল মেন্ডিস (৩২) ও সোনাল দিনুসা (২১) ছাড়া শ্রীলঙ্কান ক্রিকেটারদের সম্মিলিত স্কোর দেখতে অনেকটা মোবাইল নম্বরের মতো। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান করে ৩২৫ রান। ২২৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা কিছুটা লড়াই দেওয়া চেষ্টা করে। যদিও ৩১৬ রানের বেশি করতে পারেননি কুশল মেন্ডিসরা। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৯০। মাত্র ২ উইকেটেই জয়ের লক্ষ্য পূরণ করে পাক দল।

বছর দুই আগে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেছিল পাকিস্তান। সেই জয়ের পর আবার কোনও সিরিজ জিতল তারা। চলতি ডব্লিউটিসি চক্রে তৃতীয় জয় পেলেন বাবররা। অন্যদিকে, ২০২৪ সালে বাংলাদেশে গিয়ে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। এরপর টানা চার টেস্ট সিরিজে পরাস্ত হয়েছে দ্বীপরাষ্ট্র। তাছাড়াও ২০১৭ সালের সেপ্টেম্বরের পর পাক দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে পারেনি তারা।

যদিও পাকিস্তানের জয়ের পর টেস্ট বিশ্বকাপের পয়েন্ট টেবলে খুব একটা প্রভাব পড়েনি। তবে তলানিতে থাকা বাবর আজমদের পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে। গতকাল বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট তালিকায় বড়সড় পরিবর্তন হয়েছিল। জোহানেসবার্গ টেস্টের আগে শীর্ষে ছিল নিউজিল্যান্ড। ছ’টি টেস্ট খেলে তাদের পয়েন্টের শতকরা হার ছিল ৭২.২২। বাংলাদেশকে হারিয়ে আটটি টেস্টের পর দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতকরা হার ৭১.৪৩ থেকে বেড়ে হয় ৭৫।

১৩ টেস্ট খেলে ৬৯.২৩ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। চতুর্থ স্থানে রয়েছে ভারত। ১১টি টেস্ট খেলে শুভমান গিলদের পয়েন্টের শতকরা হার ৫১.৫২। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের চাপ বেড়েছে। অন্যদিকে, হারের ধাক্কায় আরও পিছিয়ে গেল বাংলাদেশ। ন’টি টেস্ট খেলার পর তাদের পয়েন্টের শতকরা হার ৪৫.৮৩ থেকে কমে দাঁড়িয়েছে ৪০.৭৪। পঞ্চম স্থানে থাকা শান্তর দলের ফাইনালে ওঠার সম্ভাবনা নেই। ১১ ম্যাচে ৩টি জিতে ১২.১২ পিটিসি নিয়ে নয়েই রইল পাকিস্তান। আটে শ্রীলঙ্কা।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker