0%

‘ধুরন্ধর’-এর অসুস্থ দাউদ নন, এখনও সক্রিয় ডন! করাচির আস্তানা নিয়ে বিস্ফোরক প্রাক্তন FBI কর্তা

মুম্বই: ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের পর পাকিস্তানে পালিয়ে যান দাউদ ইব্রাহিম। তারপর থেকে তাঁর জীবনযাপন, অবস্থান এবং অপরাধজগতের সঙ্গে যোগাযোগ নিয়ে রহস্যের শেষ নেই। দীর্ঘদিন তাঁর কোনও সাম্প্রতিক ছবিও প্রকাশ্যে আসেনি। এবার দাউদের ঘনিষ্ঠ মহলে প্রবেশ করেছিলেন বলে দাবি করা প্রাক্তন FBI এজেন্ট কামরান ফরিদি তাঁর ব্যক্তিগত জীবন ও ডি-কোম্পানির কার্যকলাপ নিয়ে একাধিক তথ্য সামনে এনেছেন। তাঁর বক্তব্য, সিনেমা ‘ধুরন্ধর’-এ দাউদকে যেভাবে অসুস্থ ও শয্যাশায়ী দেখানো হয়েছে, বাস্তব চিত্র তার থেকে আলাদা।

‘ইন্ডিয়া টুডে’-র এক পডকাস্টে ফরিদির দাবি, ৭০ বছর বয়সেও করাচিতে বসে সক্রিয়ভাবে অপরাধ ও মাদক পাচারের নেটওয়ার্ক পরিচালনা করছেন দাউদ। পাকিস্তানের করাচির অভিজাত ক্লিফটন এলাকাতেই তাঁর মূল ঠিকানা। তবে ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়লে তিনি ইসলামাবাদ-সহ কয়েকটি গোপন আস্তানায় চলে যান বলে দাবি প্রাক্তন ওই এজেন্টের। ক্লিফটনের বাড়ির নীচে সুড়ঙ্গ থাকার কথা অস্বীকার করলেও বাড়ির পিছনে একটি দরজা দিয়ে জনবহুল দরগায় বেরিয়ে যাওয়ার পথ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ফরিদির দাবি, ২০০৯ সালে FBI-এর নির্দেশে রুশ মাফিয়ার সদস্য পরিচয় নিয়ে ডি-কোম্পানিতে ঢোকেন তিনি। পরে দাউদের ঘনিষ্ঠ জবির মোতিওয়ালার মাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় হয়। ডি-কোম্পানির হাওয়ালা কারবারেও যুক্ত ছিলেন বলে দাবি তাঁর। ২০১৮ সালে লন্ডনে জবিরের গ্রেফতারির পিছনেও তাঁর ভূমিকা ছিল বলে জানিয়েছেন ফরিদি।

দাউদের নিরাপত্তা নিয়েও চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, প্রায় ৩৫ থেকে ৪৫ জন সশস্ত্র রক্ষী সারাক্ষণ দাউদকে ঘিরে রাখেন। তাঁদের কাছে থাকে AK-47-এর মতো স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। পাকিস্তানের বিশেষ বাহিনীর কমান্ডোদের সুরক্ষাও পান তিনি বলে দাবি। ছোটা শাকিল এই নিরাপত্তার দায়িত্ব সামলান এবং প্রতি শুক্রবার পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সদর দফতরে গিয়ে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট নেন বলেও জানিয়েছেন ফরিদি। দাউদ ও শাকিলের যাতায়াতের জন্য দুবাই থেকে আনা বুলেটপ্রুফ গাড়ি ব্যবহৃত হয় বলে তাঁর দাবি।

দাউদের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ কিছু তথ্য দিয়েছেন প্রাক্তন FBI কর্তা। তাঁর দাবি, দিনের বেলায় খুব একটা বাইরে বেরোন না দাউদ। রাত ১০টার পর বাড়ি থেকে বেরিয়ে ভোরের আজানের আগেই ফিরে আসেন। বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি মাদক সেবনের অভ্যাস রয়েছে বলেও অভিযোগ করেছেন ফরিদি। করাচির ‘২২ জামজামা’ নামে একটি সুরক্ষিত বাড়িতে পাক ব্যবসায়ী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দাউদ বলে তাঁর দাবি। সেখানে একাধিক পার্টিতে উপস্থিত থাকার কথাও জানিয়েছেন তিনি।

ফরিদির আরও দাবি, প্রথম স্ত্রী মেহজাবিনের সঙ্গে বিবাহিত থাকা অবস্থাতেই পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করেন দাউদ। দ্বিতীয় স্ত্রীর নাম আয়েশা ভাবি এবং তিনি দাউদের চেয়ে প্রায় ২০ বছরের ছোট। ২০২৩ সালে দাউদের ভাইঝি হাসিনা পার্কারের ছেলে আলিশা পার্কারও NIA-কে দেওয়া বয়ানে দ্বিতীয় বিয়ের কথা জানিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ফরিদির এই সমস্ত বক্তব্য তাঁর ব্যক্তিগত দাবি। প্রতিটি তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়েছে, এমন নয়। তাঁর দাবি সত্য হলে, দীর্ঘদিন আত্মগোপনে থেকেও দাউদের অপরাধজগতের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি।

সংবিধান দিবসে দেশজুড়ে স্কুল-কলেজে কর্মসূচি বিজেপির! পাল্টা ‘সংবিধান বাঁচাও’ মিছিলের ডাক কংগ্রেসের

ক্রিকেটের আঙিনায় ধর্মের রং! নিউজিল্যান্ড টেস্ট থেকে সিরাজকে বাদ দেওয়া নিয়ে বিস্ফোরক কংগ্রেস সাংসদ

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker