এই সপ্তাহেই ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, ২৩ নভেম্বর মোদির সঙ্গে বৈঠক

নয়াদিল্লি, ২০ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ২২ ও ২৩ নভেম্বর ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তাঁর প্রথম ভারত সফর।
বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বালেন্দ্র শাহ। বৈঠকে ভারত-নেপাল সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। নয়াদিল্লি সফরকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন নেপালের প্রধানমন্ত্রী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে নেপালের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির আওতায় নেপালের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এই সফর দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও মজবুত করার সুযোগ করে দেবে।
ভারত ও নেপালের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত যোগসূত্র এবং দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের উপর প্রতিষ্ঠিত। বাণিজ্য, উন্নয়নমূলক সহযোগিতা, জ্বালানি, জলসম্পদ এবং সড়ক ও ডিজিটাল যোগাযোগ-সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বেড়েছে। পাশাপাশি নতুন উদ্যোগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং ক্রীড়াক্ষেত্রেও পারস্পরিক যোগাযোগ বাড়ছে বলে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে।
নেপালের বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, এই সফরে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে থাকবেন সে দেশের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, বিদেশমন্ত্রী শিশির খানাল, প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা কুমার ব্যাঞ্জনকর এবং নেপাল সরকারের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ভারতের নবনিযুক্ত নেপালস্থ রাষ্ট্রদূত সুধাকর দালেলা নয়াদিল্লি সফরের আগে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর আসন্ন ভারত সফরের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূতের কাছে জানতে চান। জবাবে দালেলা জানান, প্রধানমন্ত্রী শাহ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আসন্ন বৈঠক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ হতে চলেছে। সফরের আলোচ্যসূচি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং সফরকে ফলপ্রসূ করতে দুই দেশের সংশ্লিষ্ট দপ্তরগুলি জোরকদমে কাজ করছে বলেও তিনি জানান।
বৈঠকে গত ২৬ আগস্ট নেপালের রাসুয়া-ভোটেকোশি এলাকায় ভয়াবহ বন্যার পর ভারত সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বালেন্দ্র শাহ। ওই বন্যায় ১,৪০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এখনও ৫,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বিশ্বব্যাঙ্কের হিসাব অনুযায়ী, প্রাকৃতিক বিপর্যয়ে নেপালের পরিকাঠামোর ক্ষতির পরিমাণ প্রায় ১৬৬ কোটি মার্কিন ডলার।
বৈঠকে ভারত ও নেপালের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভৌগোলিক সম্পর্ক আরও মজবুত করার উপায় নিয়েও আলোচনা হয়। ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ায় সুধাকর দালেলাকে অভিনন্দন জানান নেপালের প্রধানমন্ত্রী এবং তাঁর সফল কর্মজীবন কামনা করেন।
এদিকে, এই সফরে ভারতের কাছ থেকে ২০০ কোটি মার্কিন ডলারের বেশি আর্থিক সহায়তা পাওয়ার লক্ষ্য নিয়েছে নেপাল। পাশাপাশি অতিরিক্ত আকাশপথে প্রবেশের সুযোগ, বাণিজ্য সহজ করা, নেপালের রফতানি বৃদ্ধি, উন্নয়নমূলক সহযোগিতা এবং বিনিয়োগের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়গুলিও আলোচনায় গুরুত্ব পেতে পারে।



