0%

বিপাকে মেরি কম, প্রাক্তন স্বামীকে ‘বেকার’ মন্তব্যে দিল্লি কোর্টের নোটিস অলিম্পিকে পদকজয়ীকে

প্রাক্তন স্বামীকে ‘বেকার’ বলে কটাক্ষ করেছিলেন মেরি কম। এবার সেই ঘটনায় অলিম্পিকে পদকজয়ী বক্সারকে আগাম সমন নোটিস জারি করল দিল্লি কোর্ট। মেরির প্রাক্তন স্বামী কারং ওনখোলার মানহানির মামলা করেছিলেন। আগামী ডিসেম্বরে পরবর্তী শুনানির দিন মেরিকে তাঁর আইনজীবীর মধ্যে নোটিসের জবাব দিতে হবে।

চলতি বছরের শুরুতে একটি সাক্ষাৎকারে মেরি তাঁর স্বামীকে ‘বেকার’ বলেছিলেন। তাতে ওনখোলার অভিযোগ করেন, জাতীয় টেলিভিশনে তাঁর সম্পর্কে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করেছেন। এতে তাঁর সুনাম নষ্ট হয়েছে। পাশাপাশি তাঁকে অসৎ ও কুঁড়ে বলে তুলে ধরা হয়েছে। গত ৬ অক্টোবর ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬ ধারায় অভিযোগ দায়ের করেছিলেন ওনখোলার। তাঁর দাবি, মেরির বক্তব্য মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও তাঁর সুনাম নষ্ট করেছে।

এই অভিযোগের ভিত্তিতে দিল্লির সাকেত আদালতের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট শিবম গুপ্ত নোটিস জারি করেছেন। শুক্রবার আদালতে ওনখোলারের জবানবন্দি রেকর্ড করা হয়। এছাড়া আরও তিনজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়। তারপরই মেরিকে নোটিস জারি করা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন মেরিকে তাঁর আইনজীবীর মাধ্যমে নোটিসের জবাব দিতে হবে।

উল্লেখ্য, বিবাহবিচ্ছেদের দু’বছর কেটে যাওয়ার পর আচমকাই কাদা ছোড়াছুড়ি শুরু হয় মেরি এবং ওনখোলারের মধ্যে। একটি টিভি অনুষ্ঠানে মেরি বলেছিলেন, “ওনখোলার আসলে পথে পথে ফুটবল খেলে বেড়াত। সত্যি কথা বলতে একটাও পয়সা উপার্জন করেনি। কোনও আত্মত্যাগ নেই, কোনও অবদান নেই। দিনরাত পড়ে পড়ে ঘুমোত। আমার খারাপ লাগত খুব। আমি অনেক উপার্জন করেছি। কিন্তু পরে দেখলাম, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একেবারে ফাঁকা হয়ে গিয়েছে।”

১৮ বছরের বিবাহিত জীবন ছিল মেরি-ওনখোলারের। গত ২০২৩ সালের ২০ ডিসেম্বর তাঁদের ডিভোর্স হয়। সেসময়ে এত বিতর্ক হয়নি। কিন্তু বিচ্ছেদের ২ বছর পর একে অপরকে কাঠগড়ায় তুলছেন একটা সময় পাওয়ার কাপল বলে পরিচিত মেরি-ওনখোলার।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker