0%

ব্রিজভূষণের খালাসের বিরুদ্ধে চার মহিলা কুস্তিগিরের আবেদন, ২৭ ও ২৮ নভেম্বর শুনানি

নয়াদিল্লি, ২০ নভেম্বর : প্রাক্তন ভারতীয় কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের খালাসের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে চার মহিলা কুস্তিগিরের দায়ের করা আবেদনের শুনানি আগামী ২৭ ও ২৮ নভেম্বর হবে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই দিনগুলিতে আবেদনকারীদের আইনজীবীদের বক্তব্য শুনবে। অন্যদিকে, আগামী ৫ ও ৯ ডিসেম্বর ব্রিজভূষণ শরণ সিংয়ের পক্ষের বক্তব্য শোনার দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, যৌন হেনস্থার অভিযোগে দায়ের হওয়া মামলায় ব্রিজভূষণ শরণ সিং এবং ডব্লিউএফআইয়ের প্রাক্তন সহকারী সচিব বিনোদ তোমরকে খালাস দিয়েছিল নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই চার মহিলা কুস্তিগির এই আবেদন করেছেন।

আবেদনকারীদের দাবি, নিম্ন আদালতের রায় আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। মামলার নথিতে থাকা সাক্ষ্যপ্রমাণও যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। পাশাপাশি, এক অভিযোগকারীর দায়ের করা ভয় দেখানোর অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৫০৬(১) ধারায় বিনোদ তোমরের খালাসের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে।

গত ২৮ অক্টোবর আদালত ব্রিজভূষণকে তাঁর বক্তব্য জমা দেওয়ার জন্য শেষবারের মতো এক সপ্তাহ সময় দিয়েছিল। এর আগে ২৮ সেপ্টেম্বর আদালত ব্রিজভূষণ ও বিনোদ তোমরকে নোটিশ পাঠিয়ে আবেদনের জবাব চেয়েছিল। ৯ অক্টোবর শুনানির সময় তাঁদের অতিরিক্ত সময় দেওয়া হয়। পরে ব্রিজভূষণ আদালতে তাঁর জবাব জমা দেন।

গত ৩ আগস্ট অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার এই মামলায় ব্রিজভূষণ ও বিনোদ তোমরকে খালাস দেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, অভিযোগ প্রমাণের ক্ষেত্রে প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রয়োজনীয় প্রমাণ হাজির করতে পারেনি।

এই মামলার সূত্রপাত ২০২৩ সালের জানুয়ারিতে। সে সময় অলিম্পিক পদকজয়ী ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াসহ একাধিক কুস্তিগির দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদে সামিল হয়েছিলেন। ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থা ও ভয় দেখানোর অভিযোগ তুলে তাঁরা ডব্লিউএফআই সভাপতির পদ থেকে তাঁর পদত্যাগ এবং কুস্তি ফেডারেশন ভেঙে দেওয়ার দাবি জানান।

এই ঘটনার পর ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পি টি ঊষার কাছে অভিযোগ জমা পড়লে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ডব্লিউএফআইয়ের কার্যক্রম স্থগিত করে।

২০২৪ সালের মে মাসে পাঁচ মহিলা কুস্তিগিরের যৌন হেনস্থা এবং শালীনতাহানির অভিযোগের ভিত্তিতে ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ গঠন করে রাউস অ্যাভিনিউ আদালত। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে, এক নাবালিকা কুস্তিগিরের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া পকসো মামলাটি এই মামলা থেকে পৃথক। ২০২৫ সালের মে মাসে দিল্লি পুলিশ তদন্তে অভিযোগের সমর্থনে কোনও প্রামাণ্য তথ্য পায়নি জানিয়ে ক্লোজার রিপোর্ট জমা দেয়। আদালত সেই রিপোর্ট গ্রহণ করে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker