0%

নতুন জীবনের সূচনায় অনুরাগীদের ভালোবাসা ও আশীর্বাদে আপ্লুত অনিরুদ্ধ-কাব্য

মুম্বই, ২০ নভেম্বর : জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও তাঁর স্ত্রী কাব্য মারান। বিয়ের পর তাঁদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানানো অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবদম্পতি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন অনিরুদ্ধ। সেখানে তিনি লেখেন, অনুরাগীদের ভালোবাসা ও আশীর্বাদ তাঁদের হৃদয় ভরিয়ে দিয়েছে। নতুন জীবনের সূচনাকে আরও বিশেষ করে তোলার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। কাব্য ও অনিরুদ্ধের পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের ভালোবাসা নিয়েই তাঁরা জীবনের নতুন পথচলা শুরু করছেন।

উল্লেখ্য, সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের কন্যা কাব্য মারান আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের মালিক। গত ১১ নভেম্বর গ্রিসে দুই দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনিরুদ্ধ ও কাব্য। বিয়ের অনুষ্ঠান ঘিরে চলচ্চিত্র ও রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিশেষ আকর্ষণ তৈরি হয়েছিল।

বিয়ের পরই সামাজিক মাধ্যমে অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করে অনিরুদ্ধ লিখেছিলেন, ‘আমার জীবনে একবারই আসা, সারা জীবনের জন্য ১১.১১।’ শনিবার গ্রিসে বিয়ের অনুষ্ঠান শেষ করে চেন্নাইয়ে ফেরেন নবদম্পতি।

এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত, কেন্দ্রীয় মন্ত্রী দয়ানিধি মারান এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

অনিরুদ্ধের বিয়ের খবর প্রথম আনুষ্ঠানিকভাবে সামনে আসে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর দপ্তরের একটি সামাজিক মাধ্যমের পোস্টের মাধ্যমে। সেখানে জানানো হয়, সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান ও তাঁর স্ত্রী কাভেরী মারান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করে তাঁদের কন্যা কাব্যর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker