0%

শুধু কিশোর-পত্নী নন, নিজের প্রতিভাতেই অনন্য! জন্মদিনে ফিরে দেখা রুমা গুহঠাকুরতার বর্ণময় জীবন

কেউ তাঁকে চেনেন কিংবদন্তি গায়ক কিশোর কুমারের প্রথম স্ত্রী হিসেবে, আবার কারও কাছে তিনি বাংলা চলচ্চিত্রের এক অসামান্য অভিনেত্রী। তবে রুমা গুহঠাকুরতার পরিচয় শুধু কোনও বিখ্যাত মানুষের স্ত্রী কিংবা অভিনেত্রীতে সীমাবদ্ধ ছিল না। অভিনয়, সঙ্গীত এবং গণসংগীত তিনটি ক্ষেত্রেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। কখনও ক্যামেরার সামনে সাবলীল অভিনয়, কখনও আবার সুরের মূর্ছনায় মুগ্ধ করেছেন শ্রোতাদের। বাংলা সংস্কৃতির ইতিহাসে এমনই এক বহুমুখী প্রতিভার নাম রুমা গুহঠাকুরতা। আজ, ২১ নভেম্বর, তাঁর জন্মদিন। এই বিশেষ দিনে ফিরে দেখা যাক তাঁর বর্ণময় জীবন।

১৯৩৪ সালের ২১ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন রুমা গুহঠাকুরতা (Ruma Guha Thakurta)। তাঁর আসল নাম ছিল রুমা ঘোষ। মা সতী দেবী ছিলেন সঙ্গীতশিল্পী। ফলে ছোট থেকেই বাড়িতে ছিল শিল্প-সংস্কৃতির আবহ। মাত্র ১০ বছর বয়সেই অভিনয় ও সঙ্গীতের জগতে পা রাখেন রুমা। শুধু অভিনয় কিংবা গান নয়, নৃত্যশিল্পী উদয়শঙ্করের কাছেও নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।

১০ বছর বয়সেই সিনেমায় আত্মপ্রকাশ, কাজ করেছেন সত্যজিৎ রায়ের সঙ্গেও

শিশুশিল্পী হিসেবে মাত্র ১০ বছর বয়সে অমিয় চক্রবর্তীর পরিচালনায় ‘জোয়ার ভাটা’ ছবির মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন রুমা। ১৯৪৪ সালের এই ছবিটি ছিল দিলীপ কুমারেরও প্রথম ছবি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। নীতিন বসুর ‘মশাল’ এবং চেতন আনন্দের ‘আফসর’-এর মতো হিন্দি ছবিতেও অভিনয় করেন তিনি।

বাংলা সিনেমায় একের পর এক উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করে নিজের জায়গা পাকা করেন রুমা। সত্যজিৎ রায়ের ‘অভিযান’, তপন সিংহের ‘নির্জন সৈকতে’ এবং তরুণ মজুমদারের ‘পলাতক’-এর মতো ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। এছাড়াও ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘গণশত্রু’, ‘চাকা’, ‘দাদার কীর্তি’ এবং ‘৩৬ চৌরঙ্গী লেন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। আন্তর্জাতিক চলচ্চিত্রেও নিজের উপস্থিতি জানান দেন রুমা। মীরা নায়ারের ‘দ্য নেমসেক’ ছবিতে ইরফান খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।

কিশোর কুমারের সঙ্গে প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ

রুপোলি পর্দার পাশাপাশি রুমার ব্যক্তিগত জীবন নিয়েও একসময় চর্চা কম হয়নি। ১৯৫১ সালে কিংবদন্তি গায়ক ও অভিনেতা কিশোর কুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কিশোর কুমারের প্রথম স্ত্রী ছিলেন রুমা। তাঁদের দাম্পত্য জীবনের মেয়াদ অবশ্য বেশি দিন স্থায়ী হয়নি। ১৯৫৮ সালে বিচ্ছেদ হয় দু’জনের। এই দম্পতির একমাত্র সন্তান অমিত কুমার পরবর্তী সময়ে জনপ্রিয় গায়ক হিসেবে নিজের পরিচিতি তৈরি করেন। ১৯৬০ সালে লেখক ও পরিচালক অরূপ গুহঠাকুরতাকে বিয়ে করেন রুমা। তাঁদের দুই সন্তান অয়ন ও শ্রোমণা।

আরও পড়ুন: প্রতিযোগী হিসেবে শাহরুখ, করণ! বিগ বসের প্রথম সিজনের পরিকল্পনা শুনলে চমকে উঠবেন

রুমা গুহঠাকুরতার প্রতিভার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তাঁর সঙ্গীতচর্চা। কণ্ঠশিল্পী হিসেবে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলার পাশাপাশি গণসংগীতকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ১৯৫৮ সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন ‘ক্যালকাটা ইয়ুথ কয়্যার’। এই সংগঠনের মাধ্যমে দলগত সঙ্গীতচর্চা ও গণসংগীতের প্রসারে বিশেষ উদ্যোগী হয়েছিলেন তিনি। তাঁর এই অবদান বাংলা সঙ্গীতের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।

আরও পড়ুন: মিস ইউনিভার্সের মুকুট থেকে বলিউড, ইঞ্জিনিয়ারিং ছেড়ে সংগীত! জন্মদিনে ফিরে দেখা সুস্মিতা-বাদশার সফর

ঝুলিতে একাধিক সম্মান

অভিনয়ের জন্যও জীবনে একাধিক স্বীকৃতি পেয়েছেন রুমা। ‘পলাতক’ ছবিতে অভিনয়ের জন্য ১৯৬৪ সালে বিএফজেএ পুরস্কার অর্জন করেন তিনি। ১৯৬৫ সালে ‘নির্জন সৈকতে’ ছবিতে অভিনয়ের জন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর সম্মান পান। ২০১৯ সালের ৩ জুন ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী।

আরও পড়ুন: গোয়ায় শুরু ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, হাজির বলিউডের একঝাঁক তারকা

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker