0%

ফেডারেশনে পরিবর্তনের দাবি, বাইচুং-সহ পনেরো ফুটবলারের চিঠি ক্রীড়ামন্ত্রককে

বাইচুং ভুটিয়া-সহ পনেরোজন প্রাক্তন জাতীয় ফুটবলার, ফেডারেশন সভাপতির পদে পরিবর্তন চেয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যকে চিঠি দিলেন। আর তাতেই ফেডারেশনের নির্বাচনের ঠিক আগে চাঞ্চল্য পড়ে গিয়েছে ভারতীয় ফুটবল মহলে।

বাইচুং ভুটিয়া, দীপক মণ্ডল, আলভিটো ডি’কুনহা, অরিন্দম ভট্টাচার্য-সহ প্রাক্তন জাতীয় ফুটবলাররা যে চিঠি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে পাঠিয়েছেন, তা সাফে কাপ শুরুর আগে লেখা। লেখা রয়েছে, বর্তমান ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের (Kalyan Chaubey) সভাপতিত্বে ভারতীয় ফুটবলের মান কতটা নীচে নেমে গিয়েছে।

এই মুহূর্তে ভারতীয় ফুটবল ফিফার ক্রমতালিকায় রয়েছে ১৪১ তম স্থানে। যখন বাইচুং সহ পনেরোজন ফুটবলার এই চিঠিটি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে পাঠিয়েছিলেন, তখন ভারতীয় ফুটবল দল ছিল ১৩৮তম স্থানে। ফলে বাইচুংরা চিঠিতে জানিয়েছেন, নতুন সভাপতির সময়ে ভারতীয় ফুটবল ৯৫ তম স্থান থেকে ১৩৮ তম স্থানে পৌঁছেছে। যা আন্তর্জাতিক ক্রীড়ামহলে দেশের মান খর্ব করেছে।

এর সঙ্গে চিঠিতে লেখা রয়েছে, কীভাবে ফেডারেশন দেশের শীর্ষ লিগ আয়োজন করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি টাটার মতো সংস্থা ভারতীয় ফুটবল থেকে হাত গুটিয়ে নিয়েছে। দেশের ফুটবলকে ঘিরে আর্থিক সঙ্কটের কথা বলাতেই প্রাক্তন ফুটবলাররা ছাড়েননি। তাঁরা জানিয়েছেন, ফেডারেশনে যখন প্রবল আর্থিক সঙ্কট, সেই সময় ব্রাজিল, উরুগুয়ে, পানামার সঙ্গে ম্যাচ খেলে প্রবল আর্থিক সমস্যায় পড়েছে। এমনকী আশিয়ান কাপে খেলার যে সুযোগ এসেছিল, সেই সুযোগও হেলায় হারিয়েছে। আসলে প্রবল আর্থিক সমস্যায় চলা ভারতীয় ফুটবল ফেডারেশনের এই ম্যাচগুলি আয়োজন করা, সস্তা প্রচারে কৌশল ছিল মাত্র। এই সব কারণ দেখিয়েই অবিলম্বে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন প্রাক্তন জাতীয় ফুটবলাররা। ফেডারেশন পরিচালনার জন্য এমন কোনও ব্যক্তিকে দায়িত্ব প্রদানের অনুরোধ করেছেন, যিনি এই পরিস্থিতি থেকে ভারতীয় ফুটবলকে টেনে তুলতে পারবেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker