দিল্লিতে পাক মন্ত্রী, তাজমহল-দরগা সফরে ‘না’ কেন্দ্রের! কেন দেওয়া হল না অনুমতি?

নয়াদিল্লি: দিল্লিতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর বৈঠকে যোগ দিতে এসে বিশেষ ছাড় পেলেন না পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুসাদ্দিক মালিক। তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগা ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই অনুমতি দেয়নি বলে সূত্রের খবর। জানানো হয়েছে, SCO-র নির্ধারিত কর্মসূচি ছাড়া অন্য কোথাও যাওয়ার অনুমতি নেই তাঁর।
রাজধানীর ঐতিহাসিক পুরানা কিল্লায় ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত আয়োজিত হচ্ছে প্রথম SCO Civilisational Dialogue Forum। এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতেই ভারতে এসেছেন মুসাদ্দিক। ভারত সফরকালে আগ্রার তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগা পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই আবেদন নাকচ করেছে। ফলে সম্মেলনের বাইরে তাঁর কোনও কর্মসূচি থাকছে না।
২০২৩ সালে গোয়ায় SCO-র বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তার পর এই প্রথম পাকিস্তানের কোনও কেন্দ্রীয় মন্ত্রী ভারতে এলেন। ২০২৫ সালের মে মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পরেও এই প্রথম কোনও পাকিস্তানি নেতার ভারত সফর।
গত ২৮ অক্টোবর ভারত সরকার জানায়, SCO-র সমস্ত সদস্য দেশকে নিয়ম মেনেই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণ গ্রহণের কথা পরে নিশ্চিত করে পাকিস্তান সরকার। ইসলামাবাদের বক্তব্য ছিল, পারস্পরিক সম্মান বজায় রেখে সাংস্কৃতিক আদানপ্রদান ও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়াতে তারা আগ্রহী।
তবে পাক মন্ত্রীর সফর নিয়ে দেশে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের প্রশ্ন, পহেলগাঁও হামলার পর পাকিস্তানের প্রতি ভারতের অবস্থানে কী এমন পরিবর্তন হল যে তাদের মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে? সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে মুসাদ্দিকের আগের আক্রমণাত্মক মন্তব্যও তুলে ধরেছে বিরোধী শিবির।
২০০১ সালে সাংহাইয়ে রাশিয়া, চিন, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্যোগে SCO গঠিত হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান পূর্ণ সদস্য হয়। ২০২৩ সালে এই সংগঠনে যোগ দেয় ইরান।
২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে SCO-র সরকারপ্রধানদের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গত মাসেও পরবর্তী রাষ্ট্রপ্রধান পর্যায়ের বৈঠকের প্রস্তুতি সংক্রান্ত আলোচনায় যোগ দিতে ভারতের SCO জাতীয় সমন্বয়ক অলোক ডিমরি ইসলামাবাদে গিয়েছিলেন।
আরও পড়ুন-
জন্ম থেকে অচল পা-মায়ের কাছ থেকে প্রত্যাখ্যান! ৭ সপ্তাহের হস্তী শাবককে আশ্রয় অনন্তের
যানবাহনে জাতপাত সংক্রান্ত প্রতীক বা স্টিকার নয়! এবার আরও কড়া গুজরাট সরকার



