ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিরাট পতন! প্রভাবিত গোল্ড রিজার্ভও, নেপথ্যে কোন কারণ?

বাংলা হান্ট ডেস্ক: ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে (Forex Reserves) ফের পতন পরিলক্ষিত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের (India) বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ১৪ বিলিয়ন ডলারেরও বেশি উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে। এর মধ্যে, প্রায় ৮ বিলিয়ন ডলার কারেন্সি অ্যাসেটস থেকে কমেছে। এছাড়াও, গোল্ড রিজার্ভেও (Gold Reserves) হ্রাসের পরিমাণ প্রায় ৬ বিলিয়ন ডলার। বিশেষজ্ঞদের মতে, রুপিকে শক্তিশালী করতে ভারত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করেছে। এদিকে, সোনার দামের ক্রমাগত পতন সোনার মূল্যকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। যার ফলে সামগ্রিকভাবে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে (Forex Reserves) বিরাট পতন!
দেশের ফরেক্স বাজারে উল্লেখযোগ্য পতন: জানিয়ে রাখি যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI শুক্রবার জানিয়েছে যে, গত ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ১৪.২০৫ বিলিয়ন ডলার কমে ৭০৫.৩৪২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে মোট বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ২.৪৯ বিলিয়ন ডলার বেড়ে ৭১৯.৫৪৭ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। এদিকে, গত ৪ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে এই ভাণ্ডার সর্বকালের সর্বোচ্চ ৭৮৫.৭০৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। প্রবাসী ভারতীয়দের আমানতের জন্য একটি বিশেষ ছাড়যুক্ত সোয়াপ ব্যবস্থার অধীনে বৈদেশিক মুদ্রার উল্লেখযোগ্য প্রবাহের কারণে এটি ঘটেছিল। যার মাধ্যমে ব্যাঙ্কগুলি রেকর্ড ১৩৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল। তবে, তারপর থেকে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে উত্থান-পতন অব্যাহত রয়েছে।
ফরেন অ্যাসেটসে বড় ধরনের পতন: উল্লেখ্য যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের প্রধান উপাদান ফরেন কারেন্সি অ্যাসেটস গত ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ৭.৮৯৭ বিলিয়ন ডলার হ্রাস পেয়ে ৫৮৩.৪৫২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ডলারের পরিপ্রেক্ষিতে, ফরেন কারেন্সি অ্যাসেটসে ইউরো থেকে শুরু করে পাউন্ড এবং ইয়েনের মতো মার্কিন ডলার-বহির্ভূত মুদ্রাগুলির মূল্যের ওঠানামার (মূল্যবৃদ্ধি বা হ্রাস) প্রভাবও অন্তর্ভুক্ত থাকে, যেগুলি বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে রাখা হয়।
আরও পড়ুন: ডলারের বিপরীতে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় রুপি! ৭ মাসে এই প্রথম ৯৩-র নিচে নামল রেট
গোল্ড রিজার্ভে উল্লেখযোগ্য হ্রাস: RBI জানিয়েছে যে, এই সপ্তাহে গোল্ড রিজার্ভের মূল্য ৬.১৮৩ বিলিয়ন ডলার কমে ৯৮.৬১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় গোল্ড রিজার্ভের মূল্য হ্রাস পেয়েছে।
আরও পড়ুন: হরমুজ থেকে ভারতের জন্য উদ্বেগের খবর! ৯ টি জাহাজ বাড়াচ্ছে চিন্তা, বড় পদক্ষেপ সরকারের
কেন্দ্রীয় ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, স্পেশাল ড্রয়িং রাইটস তথা SDR ৯২ মিলিয়ন ডলার কমে ১৮.৫১৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। RBI আরও জানিয়েছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF-এর কাছে ভারতের সংরক্ষিত তহবিলের পরিমাণও ৩২ মিলিয়ন ডলার কমে ৪.৭৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।



