0%

সৌদি আরবের বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রে হামলার দাবি হুথিদের, রিয়াধে ক্ষয়ক্ষতির কথা স্বীকার সৌদি প্রশাসনের

সানা/রিয়াধ, ২০ নভেম্বর : সৌদি আরবের রাজধানী রিয়াধ-সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চারটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া জানান, একটি বিমানবন্দর, একটি বিমানঘাঁটি, একটি আর্থিক কেন্দ্র এবং একটি পেট্রোকেমিক্যাল কারখানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত নতুন করে তীব্র হওয়ার মধ্যেই এই দাবি সামনে এসেছে।

হুথি পরিচালিত আল-মাসিরা টেলিভিশনে দেওয়া বিবৃতিতে সারেয়া জানান, বৃহস্পতিবার ভোরে রিয়াধের কিং আবদুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি আর্থিক কেন্দ্রে প্রথম হামলা চালানো হয়। পরে সন্ধ্যায় একই স্থানে দ্বিতীয়বার হামলা চালানো হয় বলেও দাবি করেন তিনি। তাঁর দাবি, এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দ্বিতীয় অভিযানে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শিল্পনগরী জুবাইলে অবস্থিত সাদাফ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে নিশানা করা হয়। তৃতীয় হামলাটি চালানো হয় দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের খামিস মুশাইত এলাকার কিং খালিদ বিমানঘাঁটিতে। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে হুথি গোষ্ঠী। চতুর্থ অভিযানে রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হানার দাবি করেছেন হুথি মুখপাত্র।

হুথিদের দাবি, ইয়েমেনে সৌদি বিমান হামলার পাল্টা জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। বিশেষ করে দক্ষিণ ইয়েমেনের লাহজ প্রদেশের রাস আল-আরা উপকূলের কাছে বেসামরিক নাগরিকদের বহনকারী একটি নৌকায় সৌদি বিমান হামলার অভিযোগ তুলেছে তারা। ওই হামলায় মহিলা ও শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন বলে দাবি করেছে হুথি গোষ্ঠী।

পাশাপাশি সৌদি আরবে বিনিয়োগকারী বিদেশি সংস্থাগুলিকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। ভবিষ্যতে সৌদি আরবের অর্থনৈতিক পরিকাঠামোকে লক্ষ্য করে আরও হামলা চালানো হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে, সৌদি আরবের অসামরিক প্রতিরক্ষা বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, রিয়াধের আর্থিক এলাকার একটি বহুতলের একাধিক তলা এবং আশপাশের কয়েকটি ভবন হুথি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। যদিও হুথিদের দাবি করা অন্য তিনটি হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছু জানায়নি।

সৌদি বিদেশ মন্ত্রকও হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রিয়াধের বেসামরিক ও অর্থনৈতিক পরিকাঠামোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার অভিযোগ তুলে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এর জেরে সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি পরিকাঠামো এবং সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও বেড়েছে।

২০১৪ সালের শেষ দিক থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। সে সময় হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নিলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণের বন্দরনগরী এডেনে আশ্রয় নিতে বাধ্য হয়। পরবর্তী সময়ে ২০১৫ সালে ওই সরকারকে সমর্থন জানিয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে। সেই সংঘাতের রেশ এখনও অব্যাহত রয়েছে

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker