0%

সুযোগ নষ্টের প্রদর্শনী! আইএসএলে ঘরের মাঠে দিল্লির কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল: ২ (এডমুন্ড, লোবা)
এসসি দিল্লি: ২ (কার্লোস, আশুতোষ) 

চেন্নাইয়িনের কাছে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে ৫-৩ গোলে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। এসসি দিল্লির বিরুদ্ধে ম্যাচটা হাবাস বাহিনীর কাছে ফিরে আসার লড়াই। কিন্তু ভাবনা আর বাস্তব সব সময় এক সুতোয় বাঁধা যে থাকে না, তা প্রমাণ হল শুক্রবারের বৃষ্টিস্নাত যুবভারতীতে। ভূরি ভূরি গোল নষ্টের খেসারত দিয়ে ড্র করে মাত্র ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল লাল-হলুদকে।

আগ্রাসী মেজাজে শুরু করে ইস্টবেঙ্গল (East Bengal)। শুরুতেই ডান দিক থেকে বিপিন সিংয়ের বাড়ানো বলে গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন জোলিনস্কি। তাঁর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। পালটা আক্রমণে ৫ মিনিটের মাথায় জোরালো ট্যাকল করেন এসসি দিল্লির ডুভান ফেলিপে। তবে ১৩ মিনিটেই ধাক্কা খায় দিল্লি (SC Delhi)। চোটের কারণে মাঠ ছাড়তে হয় ফেলিপেকে। তাঁর পরিবর্তে নামেন জুনিয়র এনদুকা। ১৯ মিনিটে গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল। বিপিনের বুদ্ধিদীপ্ত পাস ধরে বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো শট নেন দানি রামিরেজ। তাঁর শট ক্রসবারে লেগে ফিরে আসে।

দিল্লিও মাঝেমাঝে আক্রমণে উঠেছে। ২৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায় তারা। বক্সের মধ্যে আইমেনকে ট্যাকল করতে গিয়ে ফাউল করে বসেন রশিদ। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি কার্লোস ফর্তেস। ১-০ গোলে এগিয়ে যায় এসসি দিল্লি। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ইস্টবেঙ্গল। ৪০ মিনিটে দুরন্ত গোল করে সমতা ফেরান এডমুন্ড। বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। গোলের পাসটি বাড়িয়েছিলেন দানি রামিরেজ। ম্যাচে ফেরে লাল-হলুদ। প্রথমার্ধের সংযুক্তি সময়ে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। জিকসন সিংয়ের পাস থেকে বক্সের বাইরে বাঁ পায়ে শট জয় গুপ্তার। তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়েও গোল করতে পারেননি লুকাস। প্রথমার্ধে এই নিয়ে বার দুয়েক পোস্টে লেগে প্রতিহত হয় লাল-হলুদের প্রচেষ্টা।

দ্বিতীয়ার্ধেও সুযোগ নষ্টের ধারা অব্যাহত। ৫০ মিনিটে ফ্রিকিক থেকে গোলের চেষ্টা করেন রামিরেজ। প্রথম দফার আক্রমণ সামাল দেন হামতে। ফিরতি বল এডমুন্ডের কাছ থেকে পেয়ে আবার শট নেন স্প্যানিশ ফুটবলার। কিন্তু এবার তাঁর শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ৬০ মিনিটের পর থেকে ইস্টবেঙ্গল অনেকটাই ছন্নছাড়া ছিল। পাসের নিয়ন্ত্রণ হারাতে থাকেন লাল-হলুদ ফুটবলাররা। আনোয়ার আলির অনুপস্থিতিও দিনের আলোর মতো প্রতীয়মান ছিল। বিশেষ করে রক্ষণ থেকে বল বের করার সময় ভুলের আশঙ্কা বাড়ছিল ক্রমশ। সেই আশঙ্কাই সত্যি হল ৬৬ মিনিটে। হার্দিকের ভুলে কর্নার পেয়ে যায় এসসি দিল্লি। সেই কর্নার থেকেই প্রথমে বলের দখল নেন আশুতোষ মেহতা। ফিরতি বল পেয়ে জালে পাঠিয়ে দেন তিনি। ২-১ গোলে এগিয়ে যায় দিল্লি।

গোল হজম করার মিনিট দশেক পর লুকাস, জিকসন ও এডমুন্ডকে তুলে নেন হাবাস। মাঠে নামেন ডেভিড, বিষ্ণু এবং একে লোবা। সেই বদলিই কাজে লাগে ইস্টবেঙ্গলের। ৮২ মিনিটে ডান পায়ের নিখুঁত শটে রামিরেজের পাস থেকে বক্সের মাঝখান দিয়ে বল জালে জড়িয়ে দেন লোবা। যদিও এরপর ফিনিশারের অভাবে ভুগল মশাল ব্রিগেড। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের ২ মিনিটে রামিরেজ অসাধারণ কর্নার নিলেও তা ফলপ্রসূ ছিল না। শেষ পর্যন্ত ২-২ ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় ইস্টবেঙ্গলকে। তবে এডমুন্ডের চোট চিন্তায় রাখবে হাবাসের দলকে। হাতে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।

দু’টি জয়, এক হার ও ড্রয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে লাল-হলুদ। ৫ ম্যাচে ১২ পয়েন্ট শীর্ষে মোহনবাগান। সমসংখ্যক ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নর্থইস্ট ইউনাইটেড। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় বেঙ্গালুরু এফসি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker