0%

‘সব কেমন চলছে?’, নিয়মিত খোঁজ নিতেন গম্ভীর, কোচের উৎসাহেই টেস্টে কামব্যাক আকাশের

একবছরের বেশি সময় পর জাতীয় দলে কামব্যাক। আর ফিরেই ৩ উইকেটে নিউজিল্যান্ডের ইনিংসকে ধসিয়ে দিয়েছেন আকাশ দীপ (Akash Deep)। চোট-আঘাতের সমস্যা মিটিয়ে ফেরার লড়াইটা সহজ ছিল না বাংলার পেসারের। আর সেই লড়াইয়ে আকাশের সঙ্গে ছিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নিয়মিত খোঁজ নিতেন কেমন আছেন, ফিটনেসের কী অবস্থা? এদিন প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে সেই খবর ফাঁস করলেন আকাশ।

২০২৫-র জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় চোট পেয়েছিলেন। তারপর আইপিএলেও খেলতে পারেননি। এত বড় চোটের ধাক্কা সামলে মাঠে ফেরা নিঃসন্দেহে কঠিন কাজ। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে পারফর্ম করে ফের জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। আর নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে ৫৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন।

তারপর সাংবাদিক সম্মেলনে এসে বাংলার পেসার বলেন, “ওই সময় জিজি স্যর (গৌতম গম্ভীর) নিয়মিত খোঁজখবর নিতেন। আমাকে জিজ্ঞেস করতেন, ‘সব কেমন চলছে?’ পিঠের চোট সামলে কামব্যাক করাটা খুব কঠিন কাজ। তবে রিহ্যাবের সময় কোচ আমার খোঁজ রাখতেন। আমাকে উৎসাহ দিতেন। আমি নিজের স্কিল নিয়ে খেটেছি। কখনও মনে হয়নি আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দেড়বছর দূরে ছিলাম।”

তাঁর সংযোজন, “বিষয়টা শুধু ফিটনেসের ছিল না। কীভাবে আরও ভালো বল করতে পারি, সেই চেষ্টাও করেছি। ভারত এ দলের হয়ে বল করেও ভালো লেগেছে। এদিন যেমন গ্লেন ফিলিপসের উইকেট তোলার সময় চেষ্টা করেছিলাম, বল যাতে নড়াচড়া করে। পিচের বাইরের দিকে বল করে শট খেলতে বাধ্য করেছি। এটা কোনও ম্যাজিক নয়। আমি সবসময় একটা নির্দিষ্ট জায়গায় বল রেখেছি। ওই বলটার জন্য একটু বেশি চেষ্টা করেছি। তাই সুফল পেয়েছি।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker