সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

নিজস্ব প্রতিনিধি: বিদেশের মাটিতে ব্যাট হাতে ফের নিজের জাত চেনালেন কে এল রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টে দুরন্ত শতরান করে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নতুন নজির গড়লেন এই তারকা ওপেনার। শুধু শতরান করাই নয়, এই ইনিংসের হাত ধরেই বিরাট কোহলি, শচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং মহম্মদ আজহারউদ্দিনের মতো কিংবদন্তিদের সঙ্গে একই সারিতে জায়গা করে নিলেন তিনি। পাশাপাশি ভারতীয় ওপেনার হিসেবে এমন এক কৃতিত্ব অর্জন করলেন, যা আগে কোনও ভারতীয় ব্যাটারের ঝুলিতে ছিল না।
শনিবার (২১ নভেম্বর) ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে নিজের শতরান পূর্ণ করেন রাহুল। ২০৯ বল খেলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। বড় শট না খেলে নিউজিল্যান্ডের পেস আক্রমণের বিরুদ্ধে ক্রিজে টিকে থাকাই ছিল তাঁর প্রধান লক্ষ্য। আর সেই পরিকল্পনাতেই মিলেছে সাফল্য। ২৯০ বলে ১৩৬ রান করে আউট হন রাহুল। অন্যদিকে প্রথম ভারতীয় ওপেনার হিসেবে সবকটি ‘সেনা’ (SENA) দেশের সেঞ্চুরি করলেন। ক্রিকেটের পরিভাষায় SENA বলতে দক্ষিণ আফ্রিকা (South Africa), ইংল্যান্ড (England), নিউজিল্যান্ড (New Zealand) এবং অস্ট্রেলিয়াকে (Australia) বোঝায়। এই চার দেশেই টেস্ট ক্রিকেটে শতরান করার কৃতিত্ব এতদিন ভারতের মাত্র চারজন ব্যাটারের ছিল। সেই তালিকায় ছিলেন শচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং মহম্মদ আজহারউদ্দিন। এবার পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে সেই বিশেষ তালিকায় নিজের নাম লেখালেন কে এল রাহুল।
আরও পড়ুন: শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
তবে এখানেই শেষ নয়। চারটি SENA দেশেই টেস্ট ক্রিকেটে শতরান করা প্রথম ভারতীয় ওপেনার হলেন তিনি। এই কৃতিত্ব অত্যন্ত বিরল। এর আগে পাকিস্তানের প্রাক্তন ওপেনার সইদ আনোয়ারও চারটি দেশেই শতরান করেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই টেস্টে ভারতের ব্যাটিংয়ের ভিত তৈরি করে দিয়েছিল যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুলের ওপেনিং জুটি। দ্বিতীয় দিনে দু’জনের মধ্যে ১৩০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। জয়সওয়াল মাত্র ৮৯ বলে ৮৫ রান করে আউট হলেও অন্য প্রান্তে নিজের লড়াই চালিয়ে যান রাহুল। এরপর দেবদত্ত পাডিক্কলকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি। ইতিমধ্যে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের রান পার করেছে ভারত।
The post সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



