0%

সিবিআইয়ের রিপোর্টে সন্তুষ্ট নয় হাইকোর্ট! আরজি কর কাণ্ডে এবার কী নির্দেশ দিল আদালত?

SOBDIK NEWS: আরজি কর মামলায় (RG Kar Case) তদন্তের গতি ও তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগের নিষ্পত্তি নিয়ে এবার সিবিআইয়ের কাছে আরও স্পষ্ট জবাব চাইল কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্ট বিচারপতিদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালের ভিতরে যে ভাঙচুর হয়েছিল, সেই ঘটনায় তদন্তকারীরা কী পদক্ষেপ করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আদালতের নির্দেশ, শুধু মূল অপরাধের তদন্ত করলেই চলবে না, ঘটনার আগে-পরে ওঠা সমস্ত অভিযোগের দিকেও নজর দিতে হবে। ফলে আরজি কর কাণ্ডের তদন্তের পরিধি আরও বিস্তৃত করার বার্তা দিল হাইকোর্ট।

আরজি কর মামলায় (RG Kar Case) হাইকোর্ট

মামলার শুনানিতে তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগকে আলাদা গুরুত্ব দেওয়ার কথা উঠে আসে। বিচারপতি শম্পা ঘোষের বক্তব্য, নির্যাতিতার পরিবারের সদস্যদের বক্তব্য শোনা প্রয়োজন ঠিকই, কিন্তু বিচারপ্রক্রিয়া কেবল তাঁদের অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে না। ঘটনার পর হাসপাতালের ভিতরে কী ঘটেছিল, কারা ভাঙচুর চালিয়েছিল এবং সেই সময় কোনও গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়েছিল কি না, সেসব প্রশ্নেরও উত্তর খুঁজতে হবে।

এই প্রসঙ্গে সিবিআইয়ের আগের জমা দেওয়া রিপোর্টের বক্তব্য নিয়েই অসন্তোষ প্রকাশ করে আদালত। তদন্তকারী সংস্থা তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে কী কী পদক্ষেপ করেছে, তার পর্যাপ্ত বিবরণ ওই প্রতিবেদনে নেই বলে আদালতের পর্যবেক্ষণ। তাই নতুন করে বিস্তারিত তথ্য-সহ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষভাবে ২০২৪ সালের ১৪ আগস্ট রাতে আরজি কর হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনার তদন্তের অগ্রগতি জানতে চেয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আরও পড়ুন : রাজ্য সরকারের এই কর্মীদের জন্য সুখবর, ভাতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিল অর্থ দপ্তর

আদালত আরও জানিয়েছে, ২০২৪ সালের ৯ অগস্ট থেকে আরজি কর ঘটনাকে কেন্দ্র করে যত অভিযোগ সামনে এসেছে, সেগুলির কোনওটিই তদন্তের বাইরে রাখা যাবে না। মূল ধর্ষণ ও খুনের ঘটনা ছাড়াও হাসপাতালের ভিতরে ভাঙচুর, নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন এবং তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ—সব দিক খতিয়ে দেখতে হবে সিবিআইকে। এদিন নির্যাতিতার পরিবারের হয়ে আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহরায়। শুনানি শেষে মামলার পরবর্তী তারিখ ১১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ওই দিন সিবিআইয়ের দেওয়া নতুন রিপোর্টের ভিত্তিতে তদন্তের অগ্রগতি নিয়ে পরবর্তী আলোচনা হওয়ার কথা।

উল্লেখ্য, গত ১ অক্টোবরের শুনানিতে রাজ্য পুলিশের দায়ের করা একটি এফআইআর সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এবার ৯ অগস্ট থেকে সামনে আসা সমস্ত অভিযোগ তদন্তের আওতায় আনার নির্দেশে কেন্দ্রীয় সংস্থার দায়িত্ব আরও স্পষ্ট হল। ১১ ডিসেম্বরের শুনানিতে সিবিআই কী তথ্য পেশ করে, এখন সেদিকেই নজর থাকবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker