ট্রেনে উঠে এই কাজ করলেই হতে পারে জরিমানা! সাবধান করল পূর্ব রেল কর্তৃপক্ষ

SOBDIK NEWS: ট্রেনের কামরায় নিজের মোবাইলে গান শুনছেন, অথচ আশপাশের যাত্রীদেরও তা শুনতে হচ্ছে! কিংবা দীর্ঘ যাত্রায় সময় কাটাতে ভিডিয়ো চালিয়ে বসেছেন? এমন অভ্যাস এবার বিপাকে ফেলতে পারে আপনাকে। কারণ, ট্রেনের ভিতরে অন্যদের অসুবিধা তৈরি করে এমন আচরণের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে পূর্ব রেল (Eastern Railway)। শুধু সতর্ক করেই দায়িত্ব শেষ করতে চাইছে না রেল কর্তৃপক্ষ। নিয়ম অমান্য করে সহযাত্রীদের বিরক্ত করলে রেলওয়ে আইনে জরিমানার মুখেও পড়তে পারেন সংশ্লিষ্ট যাত্রী।
ট্রেনে এই কাজ করলে জরিমানা করবে পূর্ব রেলপথ কর্তৃপক্ষ (Eastern Railway)
রেলের এই উদ্যোগের পিছনে রয়েছে কামরার ভিতরে শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্য। যাত্রাপথে প্রত্যেকেরই নিজের মতো করে সময় কাটানোর অধিকার রয়েছে। কিন্তু ব্যক্তিগত বিনোদন যেন অন্যের যাত্রায় বিঘ্ন না ঘটায়, সেটাই নিশ্চিত করতে চাইছে পূর্ব রেল। সেই কারণে সমস্ত ডিভিশনকে বিষয়টি নিয়ে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেনের ভিতরে এবং স্টেশন চত্বরে মাইকে ঘোষণা করার পাশাপাশি বিভিন্ন জায়গায় সচেতনতামূলক পোস্টারও লাগানো হবে।
পূর্ব রেলের নির্দেশ অনুযায়ী, মোবাইলে অডিয়ো শোনা কিংবা ভিডিয়ো দেখার সময় ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করতে হবে। ফোনের রিংটোনও এমন মাত্রায় রাখতে হবে, যাতে তা আশপাশের মানুষের বিরক্তির কারণ না হয়। এক্ষেত্রে শুধু অনুরোধ করেই থেমে থাকছে না রেল। পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও যাত্রীর আচরণে যদি কামরার পরিবেশ নষ্ট হয় এবং তা অন্যদের বিরক্তি বা বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব।
আরও পড়ুন : জগদ্ধাত্রী পুজোয় ‘টুইনিং’, এক ফ্রেমে প্রতীক-সোনামণি, ডিসেম্বরেই বিয়ে?
রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৪৫ ধারায় এমন অপরাধের জন্য সর্বোচ্চ ১,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে। ফলে স্পিকারে জোরে গান বাজানো কিংবা ভিডিয়ো চালিয়ে সহযাত্রীদের অসুবিধায় ফেললে আর্থিক জরিমানার ঝুঁকিও থাকবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি যাত্রীদের উদ্দেশে স্পষ্ট করে জানিয়েছেন, “আপনারা যখন ট্রেনে সফর করবেন, তখন আপনাদের মোবাইল লো ভলিউমে রাখুন। অডিয়ো-ভিডিয়ো দেখতে হলে হেডফোন ব্যবহার করুন।” তাঁর বক্তব্য, ট্রেনে এমন কোনও কাজ করা উচিত নয়, যার জন্য অন্য যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয়। নিয়ম না মানলে জরিমানার ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রতিদিন হাজার হাজার মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করেন। ভিড়ের কামরায় সামান্য অসতর্কতাও অনেকের অস্বস্তির কারণ হতে পারে। তাই ট্রেনের ভিতরে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের পাশাপাশি সহযাত্রীদের স্বাচ্ছন্দ্যকেও গুরুত্ব দিতে চাইছে পূর্ব রেল।



