0%

মাঠেই লাথি-ঘুসি! অসমের টুর্নামেন্টে মার খেলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা, প্রশ্নে রেফারির ভূমিকা

অসমে খেলতে গিয়ে ঝামেলায় জড়াল ইস্টবেঙ্গল। সেমিফাইনালের পর আইজল এফসি’র ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় লাল-হলুদের রিজার্ভ দল। পরে দেখা যায়, ডিফেন্ডার অঙ্কন ভট্টাচার্যের গালে কেটে যাওয়ার দাগ। এই ঘটনায় তিনি দায়ী করলেন অসমের টুর্নামেন্টের উদ্যোক্তাদের। ফাইনালে স্থানীয় দলের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।

কৃপেশ চন্দ্র পাল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট খেলতে অসমে গিয়েছে লাল-হলুদের রিজার্ভ দল। মূলত কলকাতা লিগে খেলা ফুটবলাররাই এই দলে আছেন। করিমগঞ্জে সেমিফাইনালে আইজলের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন অঙ্কন, মনোতোষ চাকলাদার, চাকু মান্ডি, মহম্মদ বিলাল, বিজয় মুর্মুরা। ম্যাচে ইস্টবেঙ্গল ৩-১ গোলে জেতে। গোটা ম্যাচ জুড়েই পরিস্থিতি উত্তপ্ত ছিল। তবে গন্ডগোল বাঁধে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যায়, ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বিলালের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন আইজলের এক ফুটবলার। তাতে আইজলের গোলকিপার এসে বিলালকে আঘাত করে। সেখান থেকেই ঝামেলা শুরু হয়। তাতে জড়িয়ে পড়েন দু’দলের বাকি খেলোয়াড়রাও। মাঠেই মারামারিতে জড়িয়ে পড়েন দু’দলের ফুটবলাররা। শেষে মাঠে পুলিশও নামে।

পরে দেখা যায় অঙ্কনের গালে কাটা দাগ। সম্ভবত হাতাহাতিতে গালে আঘাত পেয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি মনে করি এটা রেফারি, ম্যানেজমেন্ট ও ম্যাচ কমিশনারের ব্যর্থতা। একজন ফুটবলার হিসেবে আমার মনে হয়েছে, ওদের মধ্যে কোনও স্পোর্টসম্যান স্পিরিট নেই। রেফারিং খুব খারাপ। ফুটবল মাঠে ঝামেলা হয়েই থাকে। কিন্তু ঘটনা যে পথে এগোল, তা রেফারি ও ম্যাচ কমিশনারের ব্যর্থতা।” আগামী রবিবার সন্ধ্যা সাড়ে ছ’টায় ডিএসএ শ্রীভূমি একাদশের বিরুদ্ধে ফাইনালে নামবে ইস্টবেঙ্গল।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker