0%

‘কভি খুশি কভি গম’-এ শাহরুখ-বচ্চনের সেই প্রাসাদে যাবেন? রয়েছে বিশেষ অফার, আজই প্ল্যান করুন

২০০১ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। তারপর কেটে গিয়েছে পঁচিশটা বছর। আজও বাঙালি থেকে অবাঙালি— সিনেপ্রেমীদের নস্ট্যালজিয়ায় অমলিন ‘কভি খুশি কভি গম’। সেই ছবির আইকনিক রায়চাঁদ ম্যানশন মনে আছে তো? এমন রাজকীয় প্রাসাদ দর্শকরা ভুলে যাবেনই বা কীভাবে? আর এবার ছবির রজতজয়ন্তী উদ্‌যাপন করতে এই রাজকীয় প্রাসাদটি নতুন করে সাজিয়ে তুলেছে এয়ারবিএনবি (Airbnb)। আগামী ১ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সাধারণ দর্শক ও ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে এই প্রাসাদের দরজা। বলিউডপ্রেমীদের কাছে এ যেন এক বিরাট স্বপ্নপূরণের হাতছানি। মুম্বই ভ্রমণের তালিকায় এ বার অনায়াসেই জুড়ে নিতে পারেন এই রাজকীয় ঠিকানা।

ছবি: সংগৃহীত

প্রাসাদের অন্দরমহলে কী কী চমক থাকছে?
দু’ঘণ্টার এই বিশেষ সফরে দর্শকরা যেন সরাসরি ঢুকে পড়বেন ছবির অন্দরমহলে। প্রাসাদের সেই চেনা বিশাল সিঁড়ি বেয়ে নামার সুযোগ থাকছে। ঘুরে দেখা যাবে পরিবারের স্টাডি রুমটিও। তবে সবথেকে বড় আকর্ষণ নিঃসন্দেহে ‘পু’-এর ওয়ার্ডরোব। করিনা কাপুর অভিনীত সেই আইকনিক চরিত্রের পোশাকের সম্ভার কাছ থেকে দেখার সুযোগ মিলবে এখানে। এ ছাড়াও থাকছে একটি বিশেষ অডিয়ো ট্যুর। যা দর্শকদেরকে ছবির স্মরণীয় মুহূর্তগুলিতে ফিরিয়ে নিয়ে যাবে। থাকছে চরিত্রের আদলে এন্ট্রি নেওয়ার মজার চ্যালেঞ্জ। ছবির মূল সুর অর্থাৎ ভালোবাসা ও পরিবারকে নিয়ে নিজের মনের কথা লিখে রাখার ব্যবস্থাও থাকছে। সফর শেষে প্রত্যেক অতিথির হাতে তুলে দেওয়া হবে একটি বিশেষ স্মারক।

কী ভাবে মিলবে এই রাজকীয় সফরের টিকিট?
এই গোটা আয়োজনটির ভার্চুয়াল হোস্ট হিসেবে থাকছেন করণ জোহর, হৃতিক রোশন এবং করিনা কাপুর খান। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় তাঁরা ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন। তাঁদের কথায়, পঁচিশ বছর ধরে দর্শকরা এই পরিবারের অংশ হয়ে রয়েছেন, তাই এ বার তাঁদের হাতেই প্রাসাদের চাবি তুলে দেওয়ার পালা। তবে বলে রাখা ভালো, এই সফর সম্পূর্ণ বিনামূল্যে হলেও আসন সংখ্যা অত্যন্ত সীমিত। ছ’দিনে মাত্র ১৮০টি আমন্ত্রণপত্র দেওয়া হবে। আগামী ২৩ নভেম্বর দুপুর ১২টা থেকে এয়ারবিএনবি-র ওয়েবসাইটে বুকিং শুরু হচ্ছে। একটি বুকিংয়ে এক জন অতিথি তাঁর এক জন সঙ্গীকে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। তবে মুম্বইয়ে যাতায়াতের খরচ নিজেদেরই বহন করতে হবে। এয়ারবিএনবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সফরে করণ, হৃতিক বা করিনা সশরীরে উপস্থিত থাকবেন না। তবুও রুপোলি পর্দার সেই জাঁকজমক কাছ থেকে ছুঁয়ে দেখার এই সুযোগ হাতছাড়া করতে কে-ই বা চায়!

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker