সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

নিজস্ব প্রতিনিধিঃ মাতৃত্ব জীবনের এক বিশেষ অধ্যায়। শরীরের প্রতিটি পরিবর্তনের সঙ্গে বদলে যায় দৈনন্দিন অভ্যাস, অনেক সময় পিছিয়ে দিতে হয় নিজের বহুদিনের স্বপ্নও। কিন্তু নিউ ইয়র্কের ৩৮ বছরের ডিয়ারড্রে কিন যেন বুঝিয়ে দিলেন, জীবনের নতুন অধ্যায়ের অপেক্ষাতেও স্বপ্নের পথ চলা থামিয়ে দিতে হয় না। গর্ভে সন্তান, অথচ পায়ে তখনও দৌড়ের গতি। ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের শহরের ম্যারাথন শেষ করে অনন্য নজির গড়লেন এই মহিলা। শুধু তা-ই নয়, ২০২৬ সালে বিশ্বের সাতটি বিখ্যাত ম্যারাথনও সফল ভাবে সম্পূর্ণ করেছেন তিনি।
বছরের শুরুতে অবশ্য এমন কোনও পরিস্থিতির কথা ভাবেননি ডিয়ারড্রে। বিয়ের পর স্বামী ব্রায়ানের সঙ্গে নতুন সংসার ও পরিবার শুরু করার পরিকল্পনা করছিলেন তিনি। সেই সঙ্গে ঠিক করেছিলেন, ২০২৬ সালটিকে নিজের বহুদিনের কিছু স্বপ্নপূরণের জন্য কাজে লাগাবেন। সেই ভাবনা থেকেই একসঙ্গে ১১টি প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। তালিকায় ছিল বিশ্বের সাতটি প্রধান ম্যারাথন, আয়ারল্যান্ডের একটি ট্রেল ম্যারাথন, দু’টি আল্ট্রাম্যারাথন এবং একটি আয়রনম্যান সহ আরও কিছু প্রতিযোগিতা। মার্চে টোকিয়ো ম্যারাথন দিয়ে শুরু হয় তাঁর অভিযান। কিন্তু এপ্রিল মাসে বোস্টন ও লন্ডনের দৌড়ে নিজের শরীরে কিছু পরিবর্তন লক্ষ করেন ডিয়ারড্রে। পরীক্ষা করাতেই জানতে পারেন, মা হতে চলেছেন তিনি। তার পরেই বদলে যায় জীবনের সমীকরণ। স্বামী ব্রায়ানের সঙ্গে আলোচনা করে আয়রনম্যান ও একটি আল্ট্রাম্যারাথন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তবে চিকিৎসকের অনুমতি নিয়ে বাকি ম্যারাথনগুলি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন।
আরও পড়ুনঃ‘খ্রিস্টানদের সংখ্যা বাড়াতে বেশি করে সন্তান জন্ম দিন,’ মার্কিনিদের পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের
এরপর ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় সিডনি, ২৯ সপ্তাহে বার্লিন এবং ৩১ সপ্তাহে শিকাগো ম্যারাথন শেষ করেন তিনি। শেষ পরীক্ষা ছিল নিজের শহর নিউ ইয়র্ক। ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় ৪ ঘণ্টা ৬ মিনিট ৫৫ সেকেন্ডে দৌড় শেষ করে লক্ষ্যে পৌঁছন ডিয়ারড্রে। এই দীর্ঘ যাত্রায় স্বামী ও বন্ধুদের উৎসাহ ছিল তাঁর বড় ভরসা। পর্যাপ্ত জল ও খাবার, শরীরের সংকেত বুঝে গতি নিয়ন্ত্রণ, প্রতিটি বিষয়েই সতর্ক ছিলেন তিনি। বাবার কাছ থেকেই ছোটবেলায় পেয়েছিলেন দৌড়ের অনুপ্রেরণা। এবার নিজের অনাগত সন্তানকেও অধ্যবসায় ও সাহসের সেই শিক্ষাই দিতে চান ডিয়ারড্রে। তাঁর এই কাহিনি তাই নিছক দৌড়ের সাফল্য নয়, বরং স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলার এক অসাধারণ গল্প।
The post সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



