পুরসভায় চাকরি দুর্নীতির টাকা কার হাতে গিয়েছিল? জেলে সুজিত বসুকে জেরা CBI-এর

SOBDIK NEWS: পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bose) ঘিরে তদন্তের পরিধি আরও বাড়াল সিবিআই। এবার সরাসরি জেল হেফাজতে থাকা প্রাক্তন দমকলমন্ত্রীর কাছ থেকে নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। শনিবার আদালতের বিশেষ অনুমতি নিয়ে জেলে পৌঁছেছেন তদন্তকারীরা। দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক লেনদেন এবং প্রভাব খাটানোর যে অভিযোগ সামনে এসেছে, তার সঙ্গে সুজিত বসুর কতটা যোগ রয়েছে, তা জানতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সুজিত বসুকে (Sujit Bose)কী প্রশ্ন জিজ্ঞেস করবেন তদন্তকারীরা?
দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। অভিযোগ, পুরসভায় চাকরি দেওয়ার ক্ষেত্রে আর্থিক লেনদেন হয়েছিল এবং সেই নিয়োগের পিছনে সুজিত বসুর সুপারিশ কাজ করেছিল। অভিযোগ ওঠার সময় তিনি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। তাই নিয়োগের সিদ্ধান্তে তাঁর কোনও ভূমিকা ছিল কি না, তা বিস্তারিতভাবে যাচাই করতে চাইছেন তদন্তকারীরা।
তবে প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। এর আগে তাঁর ঘনিষ্ঠ নিতাই দত্তকে জেরা করে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু সূত্র পেয়েছিলেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় এবং অয়ন শীলের কাছ থেকেও তদন্তের কাজে প্রয়োজনীয় তথ্য মিলেছে বলে জানা গিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদে উঠে আসা বিষয়গুলি খতিয়ে দেখার পর সুজিত বসুর বক্তব্য জানার প্রয়োজন মনে করেন তদন্তকারীরা। সেই উদ্দেশ্যেই আদালতের কাছে আবেদন জানানো হয়। অনুমতি পাওয়ার পর শনিবার জেলেই তাঁকে প্রশ্ন করছেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে, এই মামলায় সুজিত বসুর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আগেই এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আরও পড়ুন : এবার এক বাসেই শিলিগুড়ি থেকে মায়াপুর! চালু NBSTC-র নতুন পরিষেবা
উল্লেখ্য, গত ১১ মে তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডির অভিযোগ, পুরসভায় নিয়োগের অনিয়মের মাধ্যমে প্রাক্তন মন্ত্রীর কাছে নগদ ২০ কোটি টাকা পৌঁছেছিল। গ্রেফতারির ৬০ দিনের মধ্যে বিশেষ আদালতে তদন্তের বিস্তারিত বিবরণ দিয়ে চার্জশিট জমা দেয় ইডি। ১৮৬ পাতার ওই চার্জশিটে সুজিত বসুর পাশাপাশি তাঁর ছেলে সমুদ্র বসু এবং তাঁর সঙ্গে যুক্ত দুটি সংস্থার নাম রয়েছে।
এছাড়াও পুর ও নগরোন্নয়ন দফতরের তৎকালীন আধিকারিক জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নামও নথিতে উল্লেখ করা হয়েছে। ইডির দাবি, ওই আধিকারিকের মাধ্যমে তিন কোটি টাকার লেনদেন হয়েছিল। ফলে নিয়োগ দুর্নীতির তদন্তে শুধু পুরসভার স্তরেই নয়, প্রশাসনিক মহলেও কারা যুক্ত ছিলেন, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থাগুলি। এখন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।



