0%

ওয়েলিংটনে ‘নিস্প্রাণ’ ২২ গজে ফুল ফোটানোর চেষ্টায় বুমরাহরা, ম্যাচ বাঁচাতে লড়ছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস): ৩৬৮/১০ (নিকোলস ১৭৫, ফিলিপস ১১৮, বুমরাহ ৯২/৪)
ভারত (প্রথম ইনিংস): ৭২০/৯ ডিক্লেয়ার (রাহুল ১৩৬, পন্থ ১২৮, ফিলিপস ৩-১৫৪)
নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ১১৯/২ (কনওয়ে ৫৯, নিকোলস ৩১, বুমরাহ ১-৩৩, প্রসিদ্ধ ১-২০)
চতুর্থ দিনের শেষে ভারত ২৩৩ রানে এগিয়ে।

জিততে হলে তুলতে হবে প্রতিপক্ষের ৮টি উইকেট। হাতে এখনও আস্ত একটা দিন। অন্য কোনও পিচ হলে নিশ্চিতভাবেই বলা যেত যে ভারত টেস্ট জিততে চলেছে। কিন্তু ওয়েলিংটনের যে ২২ গজে টিম ইন্ডিয়াকে খেলতে হচ্ছে, সেই পিচে ৮ উইকেট তোলাটা চাট্টিখানি কথা নয়। ফলে চতুর্থ দিনের শেষে ভারত চালকের আসনে থাকলেও শেষমেশ টিম ইন্ডিয়া ম্যাচ জিতবেই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ২ উইকেটে ১১৯ রান। ডেভন কনওয়ে ৫৯ রান করে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে খেলছেন রাচীন রবীন্দ্র। ভারত এখনও ২৩৩ রান। তবে মুল চ্যালেঞ্জ সেটা নয়, মুল চ্যালেঞ্জ নিস্প্রাণ পিচে কিউয়িদের আউট করা। কারণ ওয়েলিংটনের পিচে এখনও সেভাবে সাহায্য পাচ্ছেন না বোলাররা। নতুন বলে যে যৎকিঞ্চিত সুইং দেখা গিয়েছে, সেটা বাদ দিলে ব্যাট করতে বিশেষ অসুবিধা হচ্ছে না কিউয়িদের। সেভাবে টার্নও চোখে পড়ছে না। আবার বাউন্সও ধারাবাহিক। ফলে ব্যাটার কোনও ভুল না করলে বা অসাধারণ বোলিং না করলে উইকেট তোলাটা কঠিন। আপাতত বুমরাহ-প্রসিদ্ধ কৃষ্ণদের লড়াই ওই নিস্প্রাণ পিচে প্রাণ ফেরানোর।

তৃতীয় দিনের ৪৮৬/৪ রানের পর খেলতে নেমে এদিন সকাল থেকেই মোটামুটি আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে ভারত। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ঋষভ পন্থ এবং অংশুল কম্বোজ সকাল থেকেই রানের গতি বাড়ানো শুরু করেন। নাইট ওয়াচম্যান কম্বোজ করেন ৩৮ রান। তিনি আউট হওয়ার পর ধ্রুব জুড়েল এবং ঋষভ পন্থ কিউয়ি বোলারদের প্রহারের কাজটা চালিয়ে যান। মাত্র ১৫৮ বলে ১২৮ রানের অনবদ্য ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়েন পন্থ। ধ্রুব জুড়েল করেন ৭৯ বলে ৭৮ রান। শেষদিকে ওয়াশিংটন সুন্দর ২৬ বলে ২৪ এবং আকাশদীপ ৫ বলে ১৩ রান করেন। শেষমেশ ৯ উইকেটে ৭২০ রানে ইনিংস ডিক্লেয়ার করেন অধিনায়ক শুভমান গিল। হাতে তখন লিড ৩৫২ রানের। হাতে ছিল আরও দেড়দিন।

টিম ইন্ডিয়ার লক্ষ্য ছিল ওই সাড়ে ৩০০ রানের মধ্যেই কিউয়িদের অলআউট করা। আজ যে ৪৫ ওভার বাকি ছিল তাতে অন্তত গোটা চারেক উইকেট তুলে নিতে পারলে কিউয়িদের প্রবল চাপে ফেলে দেওয়া যেত। কিন্তু তেমনটা হল না। শুরুতেই বুমরাহ অধিনায়ক টম লেথামকে আউট করে দিলেও তারপর লড়াই করছে নিউজিল্যান্ড। দিনের শেষে ৪৫ ওভারে ১১৯ রানে দাঁড়িয়ে কিউয়ি ইনিংস। আউট হয়েছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ন নিকোলস। আপাতত অভিজ্ঞ কনওয়ে এবং রাচীন রবীন্দ্রর জুটিতে ভরসা নিউজিল্যান্ডের। ভারত চাইবে যত দ্রুত সম্ভব জুটি ভাঙতে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker