0%

কিউয়ি ক্রিকেটারকে মদ্যপান করাতে চান রাহুল! সেঞ্চুরি হাঁকিয়ে কেন এমন ইচ্ছা ভারতীয় ওপেনারের?

ওয়েলিংটনে কেএল রাহুলের (KL Rahul) ব্যাট থেকে এসেছে দুরন্ত সেঞ্চুরি। তবে সেই ইনিংস হয়তো দেখাই যেত না, যদি গ্লেন ফিলিপস একটি ছোট ভুল না করতেন। ম্যাচের দ্বিতীয় দিনই সাজঘরে ফিরতে পারতেন ভারতীয় ওপেনার। আর সেই ভুলের জন্যই সেঞ্চুরি করার পর ফিলিপসকে ধন্যবাদ জানাতে ভুললেন না রাহুল। এমনকী তাঁকে মদ্যপান করাতে চান ভারতীয় ওপেনার।

ইনিংসের শুরুর দিকের ঘটনা। ম্যাট হেনরির বল রাহুলের পায়ে লাগে। এলবিডব্লিউয়ের জোরালো আবেদন জানান নিউজিল্যান্ডের ক্রিকেটারেরা। কিন্তু আম্পায়ার কুমার ধর্মসেনা সেই আবেদন নাকচ করে দেন। হেনরি আউটের ব্যাপারে নিশ্চিত থাকলেও ডিআরএস নেওয়ার বিষয়ে সতীর্থদের আপত্তি ছিল। বিশেষ করে ফিলিপসের কথা শুনেই শেষ পর্যন্ত রিভিউ নেওয়া থেকে বিরত থাকেন কিউয়িরা। পরে রিপ্লেতে দেখা যায়, রিভিউ নিলে আউট হয়ে যেতেন রাহুল। তখন তাঁর রান মাত্র ৫। অর্থাৎ, শুরুতেই বড় ধাক্কা খেতে পারত ভারত।

তৃতীয় দিনের খেলা শেষে সাংবাদিকরা এই ঘটনা নিয়ে প্রশ্ন করেন রাহুলকে। জবাবে মজার ছলে ভারতীয় ওপেনার বলেন, “সেই সময় রিভিউ না নেওয়ার জন্য ফিলিপসকে কয়েকটা পানীয় খাওয়াতে চাই। ওই ১৫ সেকেন্ড আমার কাছে জীবনের সবচেয়ে দীর্ঘ সময় বলে মনে হয়েছিল। আশা করি, আগামী দিনে সকলে ফিলিপসের পরামর্শ মেনে চলবে।” আসলে হেনরি উইকেট পাওয়ার ব্যাপারে কার্যত নিশ্চিত ছিলেন। কিউয়ি অধিনায়ক টম লাথামকে রিভিউ নেওয়ার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনার সময় ফিলিপসকে বলতে শোনা যায়, বল ব্যাটে লেগেছে। তাঁর সেই কথাতেই রিভিউ নেওয়ার আগ্রহ হারান বাকিরা। শেষ পর্যন্ত লাথামও রিভিউ নেননি। আর তাতেই নতুন জীবন পেয়ে যান রাহুল।

সুযোগের সদ্ব্যবহার করেন ভারতীয় ওপেনার। তাঁর ব্যাট থেকে আসে ২৯০ বলে ১৩৬ রানের দুরন্ত ইনিংস। কেবল তাই নয়, সেঞ্চুরির ফলে নয়া নজিরও গড়েন তিনি। প্রথম ভারতীয় ওপেনার হিসাবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া অর্থাৎ ‘সেনা’ দেশগুলিতে টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন রাহুল। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয় ওপেনার হিসেবে নাম লেখান। যার সুবাদে তিনি শচীন, কোহলি, দ্রাবিড় ও মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে এক সারিতে জায়গা করে নিয়েছেন। এত সবের মাঝেও ফিলিপসকে নিয়ে রাহুলের মন্তব্য ভাইরাল হয়েছে। ফিলিপসের সেই ভুল সিদ্ধান্তের জন্যই হয়তো রাহুলের এই সেঞ্চুরি মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker