২২ গজ পেরিয়ে বিজেপিতে যোগ, রাজনীতিতে ‘ঘূর্ণি’ তোলার প্রস্তুতি যুজবেন্দ্র চাহালের

২২ গজে তাঁর ঘূর্ণিতে মুগ্ধ ছিল ভারত-সহ বিশ্ব। বিশ্ব ক্রিকেটে তাবড় তাবড় ব্যাটারদের উইকেট ছিটকে গিয়েছে তাঁর লেগ স্পিনে। ক্রিকেট অধ্যায় পেরিয়ে এহেন যুজবেন্দ্র চাহাল এবার পা রাখলেন বিজেপিতে। শনিবার দলের ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানেই দেখা গেল চাহালের নাম।
কিছুদিন আগেই বিজেপির ওবিসি মোর্চার জাতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমর পাল মৌর্যর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যুজবেন্দ্র চাহাল। এর পর থেকেই তাঁর বিজেপি যোগের জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ভারতের এই লেগ স্পিনার। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নির্দেশে শনিবার ওবিসি মোর্চার নতুন জাতীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে ৩৭ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৭জন জাতীয় সহ-সভাপতি, ৩জন জাতীয় সাধারণ সম্পাদক ও ৭জন জাতীয় সম্পাদক। এই তালিকাতেই বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রয়ছে চাহালের নাম। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নতুন কমিটি গঠন তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানেই দেখা গেল চাহালের নাম।
প্রসঙ্গত, চাহাল হরিয়ানার জিন্দ জেলার বাসিন্দা। জাতিগতভাবে তিনি জাঠ সম্প্রদায়ের, যা হরিয়ানা ও উত্তর ভারতে ওবিসি তালিকাভুক্ত। সম্প্রতি প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-২০তে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন চাহাল। আইপিএলে তিনি পাঞ্জাব কিংসের হয়ে খেলেন। ভারতের হয়ে ৭২টি ওয়ানডে এবং ৮০টি টি-২০ খেলেছেন চাহাল। ২০২৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের লর্ডসে নর্থ্যাম্পটনশায়ারের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলে প্রথম শ্রেণির (লাল বলের) ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিনি। তবে সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন। এর সঙ্গেই নয়া অবতারে রাজনীতিতে পা রাখলেন এই তারকা।
উল্লেখ্য, এই তালিকায় বাংলা থেকে দু’জন ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে জায়গা পেয়েছেন। তাঁরা হলেন, অজিত দাস এবং মীনাক্ষী কর্মকার। অজিত এর আগে ওবিসি মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নির্দেশেই ওবিসি মোর্চার শীর্ষ কমিটিতে বাংলার দু’জনকে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যের নেতাদের গুরুত্ব বাড়ছে কেন্দ্রীয় বিজেপিতে।
শেয়ার
লিংক



