0%

সীমান্ত বিবাদের মাঝেই ভারত সফরে ‘চিনপন্থী’ বলেন্দ্র, পুরনো প্রতিবেশীর সঙ্গে ভারসাম্যের খেলা?

একদিকে নয়াদিল্লির সঙ্গে সীমান্ত বিবাদ, অন্যদিকে চিনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ – এই প্রেক্ষাপটে প্রথমবার ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ (Balendra Shah India Visit)। রবিবার তিনি পা রাখবেন দিল্লিতে। নিঃসন্দেহে, তাঁর এই সফরের দিকে তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল। গত বছরের শেষের দিকে গণঅভ্যুত্থানের পর নেপালের প্রধানমন্ত্রী পদে বসেন বলেন্দ্র। তারপর এটিই তাঁর প্রথম কোনও প্রথম বিদেশ সফর। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বেজিং চেষ্টা করেছিল যাতে বলেন্দ্রর প্রথম বিদেশ সফর তাদের দেশেই হয়। কিন্তু তা সত্ত্বেও নেপালের প্রধানমন্ত্রী দিল্লিকেই বেছে নিয়েছেন। বিশেষজ্ঞদের একাংশের দাবি, আসলে ভারতকে ‘খুশি’ করে ভারসাম্যের খেলায় মেতে থাকতে চাইছেন বলেন্দ্র। 

আগামী সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা বলেন্দ্রর। সূত্রের খবর, বৈঠকের পর ভারত-নেপাল সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করা হতে পারে। সেখানে ১০ দফা পরিকল্পনার কথাও উঠে আসতে পারে। এছাড়াও বৈঠকে জলবায়ু সংকট, ‘অগ্নিবীর’ কর্মসূচির আওতায় গোর্খা সৈন্য নিয়োগ, বাণিজ্য, উন্নয়নে অংশীদারিত্ব, জ্বালানি, জলসম্পদ-সহ বিভিন্ন বিষয় উঠে আসতে পারে। সম্প্রতি বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, এই সফর দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার এবং পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ প্রদান করবে। আরও বলা হয়েছে, “ভারত ও নেপালের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা ঐতিহাসিক, সাংস্কৃতিক সংযোগ এবং দুই দেশের জনগণের শক্তিশালী সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।” মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মোদি-বলেন্দ্র বৈঠকে বাণিজ্য, উন্নয়নে অংশীদারিত্ব, জ্বালানি, জলসম্পদ নিয়ে কথা হবে। পাশাপাশি ডিজিটাল সংযোগ-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও কথা হতে পারে।

এদিকে ভারত-নেপাল সীমান্তবর্তী লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি নিয়ে দীর্ঘদিন ধরে দু’দেশের বিবাদ চলছে। এগুলি অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হিসাবে বিবেচিত। ২০২০ সালের জুন মাসে নেপাল একটি নতুন মানচিত্র প্রকাশ করে, যেখানে এই এলাকাগুলিকে নেপালের অংশ হিসাবে দেখানো হয়। কাঠমান্ডুর এই পদক্ষেপের বিরোধিতা করে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে বিতর্ক আরও উসকে দিয়েছেন খোদ বলেন্দ্র। লিপুলেখ গিরিপথ নিয়ে সম্প্রতি চিন ও ব্রিটেনের সঙ্গে আলোচনা চেয়েছেন তিনি। তারপর থেকেই ‘সংঘাত’ আরও বেড়েছে।

দু’বছর ধরে অ্যাংগ্লো-নেপাল যুদ্ধ চলার পর ১৮১৬ সালে স্বাক্ষরিত হয় ‘সগৌলির চুক্তি’। এই চুক্তির মাধ্যমেই শান্তি স্থাপন হয়। এই চুক্তির আওতায় কালী নদীকে দুই দেশের সীমান্ত হিসাবে নির্ধারণ করা হয়। ভারত স্বাধীন হওয়ার সময়েও এই সীমান্তই কার্যকর ছিল। পরে ১৯৫০ সালে নেপাল-ভারতের ‘শান্তি ও বন্ধুত্বে’র চুক্তিও স্বাক্ষরিত হয়। কিন্তু তারপর থেকেই সমস্যা শুরু হয় কালী নদীর উৎপত্তি ঘিরে। কাঠমান্ডুর দাবি, কালী নদীর উৎস লিম্পিয়াধুরা। সেই যুক্তিতে লিম্পিয়াধুরা, কালাপানি এবং লিপুলেখ নেপালের অংশ। পালটা দিল্লির দাবি, লিপুলেখের নিচের দিক থেকে কালী নদী শুরু হয়েছে। তাই কালাপানি-সহ বিরাট এলাকা ভারতেরই অংশ। এই নিয়ে সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে। এহেন সীমান্ত বিবাদের মাঝেই এবার প্রথমবার ভারত সফরে আসছেন বলেন্দ্র। দু’দেশের এই ‘সংঘাতে’র আদৌ কোনও রফাসূত্র মেলে কি না, সে দিকেই নজর আন্তর্জাতিক মহলের।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker