0%

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

নিজস্ব প্রতিনিধিঃ বিরল জিনগত ব্যাধিগুলোর সমস্যা সমাধান করা বিজ্ঞানীদের কাছে একটি বড় চ্যালেঞ্জ। তবে সাম্প্রতিক এক গবেষণায় আশার আলো দেখা গেছে, যেখানে অত্যন্ত পরিচিত একটি পুষ্টি উপাদান ভিটামিন বি১২ একটি জটিল জিনগত রোগের চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারে বলে প্রমাণ মিলেছে। ‘ভেরহেইজ সিন্ড্রোম’-এর মতো বিরল ব্যাধির কারণে শরীরে যে বিকাশজনিত ত্রুটি তৈরি হয়, তা ভিটামিন বি১২ ব্যবহারের মাধ্যমে অনেকটাই সারিয়ে তোলা সম্ভব। সাধারণ একটি ভিটামিন কীভাবে জটিল জিনগত সমস্যার সমাধান করতে পারে, সেই যুগান্তকারী আবিষ্কারটিই এখন চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

কী এই ভারহেইজ সিনড্রোম?

ভারহেইজ সিনড্রোম একটি অত্যন্ত বিরল জিনগত ব্যাধি, যা মানুষের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ব্যাহত করে, বিকাশে বিলম্ব ঘটায় এবং উচ্চতা কম হওয়ার মতো সমস্যার সৃষ্টি করে। কোষের ভেতরে প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় জিনগত নির্দেশাবলি প্রস্তুত করার একটি প্রক্রিয়া হল  ‘আরএনএ স্প্লাইসিং’। এই প্রক্রিয়ায় জিনগত ত্রুটি বা পরিবর্তন ঘটলে ভারহেইজ সিনড্রোমের মতো জটিল রোগ দেখা দেয়। বিজ্ঞানীরা C. elegans নামক ক্ষুদ্র কৃমির ওপর পরীক্ষা চালিয়ে দেখেছেন যে, এই জিনগত মিউটেশন শরীরের ভিটামিন বি১২-নির্ভর বিপাক প্রক্রিয়াকে ব্যাহত করে। গবেষণায় আক্রান্ত কৃমিগুলোকে অতিরিক্ত ভিটামিন বি১২ সরবরাহ করার পর তাদের বিপাকীয় প্রক্রিয়া স্বাভাবিক হয়ে আসে। এর ফলে কৃমিগুলোর শারীরিক বিকাশের ত্রুটিগুলো অনেকটাই দূর হয়ে যায়।  

মানুষের ক্ষেত্রে কতটা কার্যকর?

এই ফলাফল মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য কি না, তা জানতে গবেষকরা ভারহেইজ সিনড্রোমে আক্রান্ত রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করেন এবং মানবকোষের তথ্য বিশ্লেষণ করেন। এতে দেখা গেছে, মানুষের শরীরেও একই ধরনের বিপাকীয় পরিবর্তন ঘটে।তবে ভিটামিন বি১২ সাপ্লিমেন্ট সরাসরি মানুষের এই রোগের উপসর্গ কমাতে পারবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গবেষকদের মতে, এটি মানুষের চিকিৎসায় প্রয়োগ করার আগে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে। তবে এই আবিষ্কার ভবিষ্যতে শুধু ভারহেইজ সিনড্রোমই নয়, বরং অন্যান্য বিরল জিনগত রোগের নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের পথ খুলে দিতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

The post বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২ appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker