ক্ষমতা দখলের ‘জুয়া’ খেলতে গিয়ে দেশবাসীর বিশ্বাসকে বাজি রেখেছেন রাহুল গান্ধী: অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ২১ নভেম্বর : ক্ষমতা দখলের ‘জুয়া’ খেলতে গিয়ে রাহুল গান্ধী দেশের মানুষের বিশ্বাস, দেশের মর্যাদা এবং উন্নয়নকে বাজি রেখেছেন বলে অভিযোগ করলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। শনিবার এক সাংবাদিক সম্মেলনে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করে এই মন্তব্য করেন তিনি।
রাহুল গান্ধীর আচরণের সঙ্গে মেলার এক শিশুর তুলনা টেনে অনুরাগ ঠাকুর বলেন, কোনও শিশু মেলায় গিয়ে পছন্দের খেলনা না পেলে যেমন কান্নাকাটি শুরু করে, রাহুল গান্ধীর আচরণও তেমন। তাঁর অভিযোগ, ক্ষমতায় আসতে না পেরে রাহুল গান্ধী এখন সস্তা রাজনীতির আশ্রয় নিয়েছেন। আমেরিকা সফরে গিয়ে ভারতের অর্থনীতি নিয়ে তাঁর সমালোচনার প্রসঙ্গেও কটাক্ষ করেন বিজেপি সাংসদ।
অনুরাগ ঠাকুর বলেন, “রাহুল গান্ধী বাজি ধরে ক্ষমতা দখল করতে চান। কিন্তু এই জুয়ায় তিনি কী বাজি রেখেছেন? ভারতের মানুষের বিশ্বাস, দেশের মর্যাদা এবং উন্নয়ন। বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে তিনি ভারতের সমালোচনা করেন এবং দেশের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেন।” তাঁর কথায়, ক্ষমতা অর্জন করতে হয় মানুষের সেবা, পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে, বাজি ধরে নয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে অনুরাগ ঠাকুর বলেন, কঠোর পরিশ্রম, নিষ্ঠা, আত্মত্যাগ ও তপস্যার মাধ্যমে প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন। বিশ্বব্যাঙ্কের একটি রিপোর্টের উল্লেখ করে তিনি দাবি করেন, মোদি সরকারের আমলে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন।
দীপাবলির সময়ে রেকর্ড জিএসটি সংগ্রহ এবং এসঅ্যান্ডপি গ্লোবাল ও জাপানের একটি ক্রেডিট রেটিং সংস্থার দেওয়া স্বীকৃতির কথাও তুলে ধরেন তিনি। অনুরাগ ঠাকুর বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি স্বীকার করেছেন যে সুদের হার কম থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুততম গতিতে এগিয়ে চলেছে।
তিনি প্রশ্ন তোলেন, “রাহুল গান্ধী এমন কথা কেন বলেন, যা ভারতের বিরোধীরা, বিশেষ করে পাকিস্তান শুনতে পছন্দ করে?”
বিজেপি সাংসদ আরও বলেন, ক্রয়ক্ষমতার সমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটি (পিপিপি) অনুযায়ী ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। গত সেপ্টেম্বর মাসে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সর্বোচ্চ ৭৮৫ বিলিয়ন ডলারে পৌঁছেছিল বলেও দাবি করেন তিনি।
বেকারত্বের পরিসংখ্যান তুলে ধরে অনুরাগ ঠাকুর জানান, দেশের সামগ্রিক বেকারত্বের হার কমে ৪.৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। মহিলাদের মধ্যে বেকারত্বের হার ৫ শতাংশ এবং গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে তা ৩.৮ শতাংশ। শহরাঞ্চলে মহিলাদের বেকারত্বের হার ৮.৭ শতাংশ, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, ২০২৪ ও ২০২৫ অর্থবর্ষে ২ কোটি ৪০ লক্ষ মানুষ নেট ফরমাল ওয়ার্কফোর্সে যুক্ত হয়েছেন। তাঁর বক্তব্য, সংগঠিত ও অসংগঠিত—উভয় ক্ষেত্রেই কর্মসংস্থানের সুযোগ ক্রমাগত বাড়ছে। তাই প্রকৃত অর্থে বেকার রাহুল গান্ধী, এমন মন্তব্যও করেন তিনি।
অনুরাগ ঠাকুরের অভিযোগ, অর্থনীতির এই পরিসংখ্যান প্রমাণ করে যে গোটা বিশ্ব ভারতের দিকে আশার চোখে তাকিয়ে রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী মোদির বিরোধিতা করতে গিয়ে রাহুল গান্ধী এখন ভারতের পরিচিতি এবং দেশের নাগরিকদের বিশ্বাসকেই আক্রমণ করছেন।
–আইএএনএস



