নীতীশ কুমারের নেতৃত্বেই বিহারে সুশাসনের সূচনা, বৈশালীতে বললেন প্রধানমন্ত্রী মোদি

বৈশালী, ২১ নভেম্বর : বিহারের উন্নয়নের মূলমন্ত্র হল ‘সবকা সাথ, সবকা বিকাশ’। শনিবার বৈশালীতে গঙ্গা নদীর উপর নির্মিত ছয় লেনের ‘নীতীশ সেতু’ উদ্বোধন করে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে বিহারে সুশাসনের ধারণা প্রতিষ্ঠার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অবদানের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানস্থলে পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান উপস্থিত জনতা। সেতুর নীচে বিপুল সংখ্যক মানুষ তাঁকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন। প্রধানমন্ত্রী গামছা নাড়িয়ে তাঁদের অভিবাদন জানান। পাল্টা উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত জনতা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এত বিপুল জনসমাগম ক্যামেরায় ধরা সম্ভব হবে বলে তিনি মনে করেন না। তাঁর মতে, এই জনসমাগমই উন্নয়ন সম্পর্কে মানুষের সচেতনতার প্রতিফলন।
তিনি বলেন, সম্প্রতি ছট মহাপর্ব সম্পন্ন হয়েছে। দেশের সমৃদ্ধি ও মঙ্গল কামনায় মা-বোনেরা কঠোর উপবাস পালন করেছেন। ছটী মাইয়ার আশীর্বাদ নিয়ে আজ বিহারে উন্নয়নের উৎসব পালন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রকে সামনে রেখে বিহারের উন্নয়নের যাত্রা এগিয়ে চলেছে। গণতন্ত্রের শক্তিকে জনকল্যাণের কাজে ব্যবহার করা হচ্ছে। এনডিএ সরকারের বর্তমান মেয়াদের এক বছর পূর্তি উপলক্ষে গণতান্ত্রিক ঐতিহ্যের জন্য পরিচিত বৈশালীকে এই অনুষ্ঠানের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে।
এই উপলক্ষে এনডিএ-র সমস্ত শরিক দল, দলের কর্মী এবং বিহারের মানুষকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রায় তিন দশক আগে বিহারের মানুষ উন্নয়নের একটি নতুন পথ বেছে নিয়েছিলেন। দীর্ঘদিনের দুর্দশা ও সমস্যার পর নীতীশ কুমারের নেতৃত্বে রাজ্যে সুশাসনের আশ্বাস তৈরি হয়েছিল। নীতীশ কুমার দীর্ঘদিন মুখ্যমন্ত্রী হিসেবে বিহারের সেবা করেছেন। বর্তমানে তাঁর আশীর্বাদ নিয়ে সম্রাট চৌধুরী এবং তাঁর মন্ত্রিসভা সেই উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
সফরকালে বিহারজুড়ে প্রায় ৩৪ হাজার ৪৭০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে সড়ক, বিদ্যুৎ, নগর পরিকাঠামো, জলসম্পদ, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবহণ সংক্রান্ত প্রকল্প।
এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল পাটনা জেলার কাচ্চি দরগাহের সঙ্গে বৈশালী জেলার বিদুপুরকে সংযুক্তকারী ছয় লেনের সেতু। ‘নীতীশ সেতু’ নামে পরিচিত এই প্রকল্প নির্মাণে ব্যয় হয়েছে আনুমানিক ৪ হাজার ২৮০ কোটি টাকা। ১৯.৭ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের মধ্যে রয়েছে ৯.৭ কিলোমিটার মূল সেতু এবং প্রায় ১০ কিলোমিটার সংযোগকারী রাস্তা।
এই সেতু চালু হলে পাটনা ও উত্তর বিহারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি মহাত্মা গান্ধী সেতু এবং জেপি সেতুর উপর যানবাহনের চাপ কমবে। রাঘোপুর দিয়ারা এলাকার বাসিন্দাদের পাটনায় যাতায়াতও সহজ হবে।
জাফরপট্টিতে আয়োজিত মূল অনুষ্ঠানে ১৫ হাজার ৬০০ কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রায় ১৪ হাজার ৪৫০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন তিনি।
এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে জাতীয় সড়ক, বিদ্যুৎ পরিকাঠামো, নগরাঞ্চলে পানীয় জল সরবরাহ, নিকাশি ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ।
এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর) প্রকল্পের ২৬ হাজার ৯০০-র বেশি উপভোক্তার গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
বিহারের নগর পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ১০০টি পিএম ই-বাসের যাত্রারও সূচনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জাফরপট্টি এলাকায় শিল্প পার্ক ও শিল্প করিডর গড়ে তোলার উদ্যোগও রাজ্যের শিল্পোন্নয়নের পরি
কল্পনার অন্তর্ভুক্ত।
______



