0%

বিশ্বমঞ্চে ভারতের উত্থান রুখতেই ‘সিঁদুরে’ পাকিস্তানকে সাহায্য! বিস্ফোরক মার্কিন রিপোর্টে ফাঁস চিনের ‘দ্বিচারিতা’

বিশ্বমঞ্চে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে ভারত। এশিয়ায় চিনের একচেটিয়া আধিপত্য ‘দুরমুশ’ করতে দৃঢ় প্রতিজ্ঞ দিল্লি। এর জেরে শঙ্কার মেঘ দেখতে শুরু করেছে বেজিং। তাই ভারতকে ঠেকাতে একদিকে সীমান্তে ‘বিশৃঙ্খলা’, অন্যদিকে পাকিস্তানের হাত শক্ত করার কৌশল নিয়েছে ‘ড্রাগন’! মার্কিন কংগ্রেসের একটি রিপোর্টে এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে। শুধু তাই নয়, গত বছর ‘অপারেশন সিঁদুরে’ ইসলামাবাদকে সক্রিয়ভাবে বেজিং সাহায্য করেছিল বলেও দাবি করা হয়েছে ওই রিপোর্টে। লক্ষ্য একটাই- বিশ্বমঞ্চে ভারতের উত্থান রোখা।

সম্প্রতি প্রকাশিত হয়েছে মার্কিন-চিন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশন ২০২৬-এর বার্ষিক রিপোর্ট।প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা বাদে চিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্ষমতা খুব কম দেশেরই রয়েছে। তাদের মধ্যে ভারত অন্যতম। নয়াদিল্লি আরও শক্তিশালী হলে এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে। পাশাপাশি, পণ্য উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে চিনের উপর নির্ভরতাও কমবে। সেক্ষেত্রে ভারত একটি বড় বিকল্প হিসাবে উঠে আসবে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, বিশ্বমঞ্চে ভারতের উত্থান সম্পর্কে চিন অবগত। তাই দিল্লিকে দমাতে তারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের উপর চাপ সৃষ্টি করতে বেজিং যে সবচেয়ে কার্যকর হাতিয়ারটি ব্যবহার করছে, তা হল অর্থনীতি। মার্কিন কংগ্রেসের প্যানেলটির দাবি, শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, প্রযুক্তি ও কারিগরি দক্ষতার উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করছে বেজিং। ভারতকে ‘আত্মনির্ভর’ হওয়ার পথে বাধা সৃষ্টি করছে। শুধু তাই নয়, দিল্লির উপর অর্থনৈতিক চাপ তৈরির কৌশল হিসাবে বেজিং ভারতে গুরুত্বপূর্ণ কাঁচামাল রপ্তানির উপরও বিধিনিষেধ আরোপ করেছে। রিপোর্টে ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে ক্রমশ গভীর হতে থাকা সামরিক অংশীদারিত্বের বিষয়েও সতর্ক করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, “চিনের ক্রমবর্ধমান শক্তি এবং পাকিস্তানের প্রতি তাদের দীর্ঘদিনের সমর্থন ভারতের জন্য দ্বিমুখি উদ্বেগ বাড়িয়ে তুলেছে।” এরপরই অপারেশন সিঁদুরের প্রসঙ্গ ওঠে।

রিপোর্টিতে বলা হয়েছে, “২০২৫ সালের মে মাসের সংঘাতটি দেখিয়েছে যে, সরাসরি যুদ্ধে না জড়িয়েও চিন কীভাবে সংকটের মুহূর্তে পাকিস্তানের হাত শক্তিশালী করে তুলতে পারে।” প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে বেইজিং প্রথম স্বীকার করে যে, ‘সিঁদুরে’ তারা পাকিস্তানকে সরাসরি সাহায্য করেছিল। প্রতিবেদনে ভারত মহাসাগরে চিনের ‘বাড়বাড়ন্তে’র বিষয়টিও উল্লেখ করা হয়েছে। দাবি করা হয়েছে, বিশেষ কায়দায় বেজিং গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলিকে ব্যাহত করে ভারতের কৌশলগত সুবিধাকে দুর্বল করে দিচ্ছে।দক্ষিণ এশিয়ায় চিনের ক্রমবর্ধমান উপস্থিতিও ভারতের জন্য হুমকি সৃষ্টি করছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker