হাজার রান করলেও ভারতীয় দলের দরজা খুলবে না সূর্যকুমারের! জানিয়ে দিলেন বিসিসিআই কর্তা

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। লাখ টাকার প্রশ্ন হল, এর পরেও কি জাতীয় দলে ফেরা হবে? ব্যাট হাতে ঝড় তুলে জাতীয় দলে ফেরার আশাও প্রকাশ করেছেন মুম্বই অধিনায়ক। কিন্তু বিসিসিআইয়ের পরিকল্পনায় নাকি নেই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক।
২০২৬ সালটা সূর্যকুমার যাদবের কেরিয়ারে বলা চলে অম্লমধুর। বছরের শুরুতে প্রথম অধিনায়ক হিসাবে স্বভূমে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু তার পরেই ব্রাত্য হয়েছেন টিম ইন্ডিয়ায়। ফেব্রুয়ারিতে নিজের দ্বিতীয় বিশ্বজয়ের পর আর ভারতের জার্সিতে খেলা হয়নি সূর্যর। বলা ভালো, জাতীয় দলের যাবতীয় আলোচনা থেকে তাঁকে স্রেফ মুছে ফেলা হয়েছে। কিন্তু এই সূর্য যে সহজে ‘অস্ত’ যাওয়ার মানুষ নন। তাই নতুন করে জাতীয় দলে জায়গা করে নেওয়ার লক্ষ্যে নেমে পড়েছেন। ঘরোয়া টি-টোয়েন্টিতে মুম্বইয়ের অধিনায়কত্ব করছেন। ট্রফিজয় পরবর্তী প্রথম সিরিজে চেনা ছন্দে ফিরেছেন।
প্রাক্তন ভারত অধিনায়ক সাফ জানিয়েছিলেন, “টিম ম্যানেজমেন্ট কিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছিল। তবে আমার খারাপ লেগেছিল। আসলে খারাপ না লাগলে তো সেই প্যাশন, সেই খিদে দেখানো যায় না। জাতীয় দলে ডাক পাওয়ার আগে আমি যেমন ছিলাম, এখন আবার তেমন হয়েছি। ভারতীয় ড্রেসিংরুমে ফেরার লক্ষ্য নিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলছি। আর জাতীয় দলে ফিরতে হলে আবার দরজা ভাঙতে হবে!” কিন্তু সেই প্রত্যাবর্তনের পথে আপাতত বাধা হয়ে দাঁড়িয়েছে বোর্ডের পরিকল্পনা।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির তিন ম্যাচে ১৬৭ রান করেছেন সূর্য। স্ট্রাইক রেট ২৬৯.৩৫। মেরেছেন ১৬ চার এবং ১৫ ছক্কা। এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পরও কি জাতীয় দলের দরজা খুলবে না তাঁর জন্য? এক সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, “এই মুহূর্তে সূর্য আমাদের পরিকল্পনার মধ্যে নেই। আমরা সাদা বলের ক্রিকেটে যশস্বী জয়সওয়ালকে খেলানোর কথা ভাবছি। অথচ যশস্বীকেই দলে জায়গা দেওয়া যাচ্ছে না।”
বোর্ডের ওই কর্তা আরও বলেছেন, “আমরা জানি, সূর্য যথেষ্ট পরিশ্রম করছে। ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলছে। কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলে ওকে ফেরানো বেশ কঠিন। আসলে দলে জায়গাই নেই। যশস্বীর মতো তরুণ ব্যাটারের জন্যই আমরা জায়গা তৈরি করতে পারছি না। বর্তমান দলে সূর্যকে কোথায় খেলাবেন? দলের ভারসাম্য এখন ঠিক রয়েছে। তাই আপাতত ওকে ফেরানোর কোনও পরিকল্পনা আমাদের নেই।” শেষ ম্যাচেও দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দেশকে বিশ্বকাপ জিতয়েছেন। তার পরে বাদ পড়লেন। এমন নজির কি ভারতীয় ক্রিকেটে আছে? চোখে দূরবিন রেখে উত্তর খুঁজতে হবে।
শেয়ার
লিংক



