0%

স্যান্ডপেপারগেট কাণ্ডে রহস্য ফাঁস করার শাস্তি, খোয়াজা-ওয়ার্নারকে ভাতে মারার চেষ্টা অস্ট্রেলিয়ায়! 

স্যান্ডপেপার বিতর্কের আঁচ এবার আছড়ে পড়ল অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রচারেও। গত কয়েক সপ্তাহ ধরে বল বিকৃতি বিতর্কে উত্তাল অস্ট্রেলিয়ার ক্রিকেটমহল। তারই জেরে ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল উসমান খোয়াজা এবং ডেভিড ওয়ার্নারকে। পরিস্থিতি কিছুটা শান্ত না হওয়া পর্যন্ত তাঁদের সম্প্রচারে দেখা যাবে না।

স্যান্ডপেপার বিতর্কের জল ক্রমশ গড়াচ্ছে। নতুন করে বিতর্কে জড়াতে চাইছে না ফক্স স্পোর্টস। সংস্থার কর্তাদের ধারণা, আপাতত দুই প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনারকে সম্প্রচারের বাইরে রাখাই তাঁদের পক্ষে উপযুক্ত সিদ্ধান্ত। কারণ, আট বছর আগের বল বিকৃতি কাণ্ড নিয়ে প্রত্যেক মুহূর্তে তাঁদের মন্তব্য নিয়ে তৈরি হচ্ছে চাপ। ফক্স স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর স্টিভ ক্রাউলি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “সাম্প্রতিক ঘটনাবলির কথা মাথায় রেখে আগামী কয়েক সপ্তাহ উসমান এবং ডেভিকে আমাদের সম্প্রচার থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা সব সময়ই ধারাভাষ্যকারদের পাশে থাকি। তাঁদের বিভিন্ন মতামতকেও স্বাগত জানাই। ক্রিকেটের মরশুমে নানা দৃষ্টিভঙ্গিই আমাদের সম্প্রচারের অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু একই সঙ্গে আমরা বুঝতে পারছি, প্রতিটি নতুন মন্তব্যের জবাব দিতে গিয়ে ওঁদের উপর কতটা চাপ তৈরি হচ্ছে।” ক্রাউলির কথায়, “পরিস্থিতি যেভাবে আগুয়ান, তাতে খেলার দিকে মনোযোগ দেওয়াই কঠিন হয়ে উঠছে। এই অবস্থায় দু’জনকে ধারাভাষ্যকার হিসাবে রেখে দিলে তাঁদের প্রতি অন্যায় হবে বলেই আমাদের মনে হয়েছে।” তবে খোয়াজা এবং ওয়ার্নার কবে আবার ধারাভাষ্যে ফিরবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। ক্রাউলি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেট মরশুমের সম্প্রচারকে দর্শকদের কাছে সেরা করে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। পরিস্থিতির উপর নজর রাখবে সংস্থা।

উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করে বল বিকৃতির ঘটনায় জড়িয়ে পড়েছিলেন ব্যানক্রফট। তাঁকে ন’মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল। তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের নির্বাসনের শাস্তি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এত দিন পর নিজের আত্মজীবনী ‘সবরে’ স্যান্ডপেপারগেট নিয়ে মুখ খুলছেন প্রাক্তন অজি ওপেনার উসমান খোয়াজা। জানিয়েছেন, এ বিষয়ে দলের সবাই সব কিছু জানতেন। তাঁর পাশে দাঁড়িয়ে ডেভিড ওয়ার্নার বলেছিলেন, ১০০ শতাংশ ঠিক বলছেন খোয়াজা। এবার প্রাক্তন দুই ওপেনারকে ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দিল অস্ট্রেলিয়ার সম্প্রচারকারী সংস্থা। নেটিজেনরা বলছেন, স্যান্ডপেপারগেট কাণ্ডের রহস্য ফাঁস করেছেন বলে খোয়াজা-ওয়ার্নারকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে! 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker