স্যান্ডপেপার বিতর্কেও কামিন্সে আস্থা অস্ট্রেলিয়ার, সংবাদমাধ্যম থেকে স্মিথকে আড়ালে রাখার চেষ্টা

শুরুটা করেছিলেন উসমান খোয়াজা। তারপর ডেভিড ওয়ার্নার থেকে ক্যামেরন ব্যানক্রফট, মিচেল স্টার্ক থেকে প্যাট কামিন্স– ঘটনার পক্ষে-বিপক্ষে অনেক মতামত শোনা গিয়েছে। কিন্তু ‘স্যান্ডপেপার গেট’-এর (Sandpapergate Scandal) অন্যতম চরিত্র, স্টিভ স্মিথ, এখনও অদ্ভুতভাবে নীরব। আর তৎকালীন অস্ট্রেলীয় অধিনায়ক যাতে নীরবই থাকতে পারেন, তা নিশ্চিত করতেও যেন পদক্ষেপ করা হচ্ছে। শুক্রবার যেমন। নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডে নামার আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে নেমেছিলেন স্মিথ। তাঁর ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি কোনও সাংবাদিককে। এমনকী প্রাক্তন অধিনায়ক স্টেডিয়াম ছাড়েন পিছনের দরজা দিয়ে।
তবে বেশিদিন আড়ালে থাকার সুযোগ পাবেন না স্মিথ। শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলবেন। ৯ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও নামবেন। তখন সাংবাদিকদের সামনে আসতে হতে পারে প্রাক্তন অধিনায়ককে। অবশ্য বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সকে তো আসতেই হবে সাংবাদিক সম্মেলনে। ব্যানক্রফট বোমা ফাটানোর আগেই ‘স্যান্ডপেপার গেট’ নিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। যেখানে কার্যত খোয়াজাকে মিথ্যেবাদী বলে দিয়েছেন কামিন্স। সঙ্গে জানিয়েছেন, এই ইস্যুতে আর কথা বলবলেন না তিনি। এদিনও সংবাদমাধ্যমের প্রশ্ন এড়িয়েছেন তিনি। কামিন্সের হাতে অধিনায়কত্ব থাকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
তাঁদের ধারণা, খোয়াজাকে নিয়ে তিনি যা বলেছেন, তারপর ড্রেসিংরুম নিয়ন্ত্রণ করা কঠিন হবে অস্ট্রেলিয়ার টেস্ট এবং ওয়ানডে অধিনায়কের পক্ষে। তবে যা খবর, এখনও পর্যন্ত কামিন্সকে সরানোর কোনও ভাবনা নেই ক্রিকেট অস্ট্রেলিয়ার। কারণ দুই ফরম্যাটেই তাঁর নেতৃত্বে দুরন্ত পারফর্ম করছে দল। ওয়ানডে বিশ্বকাপ জিতেছে বছর তিনেক আগে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা ফাইনাল খেলেছে, যার মধ্যে একবার চ্যাম্পিয়নও হয়েছে। এবারও ফাইনাল খেলার দৌড়ে রয়েছে দল। ফলে এ হেন অধিনায়ককে আট বছর আগের বিতর্কের কারণে সরানোর পক্ষে নন সে দেশের ক্রিকেট কর্তাদের অধিকাংশ। এমনকী, অস্ট্রেলিয়ার পেশাদার ক্রিকেটারদের সংস্থাও রয়েছে কামিন্সের পাশে।
যদিও কামিন্সদের বারবার ‘স্যান্ডপেপার গেট’ সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হতে হবে বলে আশঙ্কা সে দেশের কিংবদন্তি ম্যাথু হেডেনের। এক অনুষ্ঠানে প্রাক্তন ওপেনার বলে দিয়েছেন, “অস্ট্রেলীয় ক্রিকেটকে বাগে পাওয়ার জন্য এটাই সেরা পরিস্থিতি প্রতিপক্ষের জন্য। কামিন্স বলে দিয়েছে যে, ও আর এই বিষয়ে কোনও কথা বলবে না। ফলে আসন্ন ভারত সফরে ওকে প্রশ্ন করা হলেও এড়িয়ে যাবে। কিন্তু প্রতিপক্ষ প্রশ্ন করেই যাবে। আর এক কথা জবাব হিসাবে আওড়াতে হবে ওকে।” সঙ্গে খোয়াজার দাবি প্রসঙ্গে কামিন্স যেভাবে প্রত্যুত্তর দিয়েছেন, তাও পছন্দ হয়নি হেডেনের। “কামিন্স তো খোয়াজাকে রীতিমতো মাঝ নদীতে ফেলে দিয়েছে। দু’জনের বন্ধুত্ব যে ঠুনকো ছিল, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে ওর কথা থেকে। এর প্রভাবে পড়বে ড্রেসিংরুমে। অবিশ্বাসের পরিবেশ তৈরি হবে। তা বদল করা সহজ হবে না। অন্তত যতক্ষণ না সব প্রশ্নের পরিষ্কার জবাব পাওয়া যায়”, মত বিশ্বজয়ী ওপেনারের।
শেয়ার
লিংক



