আগামীকাল থেকে চালু হচ্ছে যুবশক্তি প্রকল্পে আবেদন! বাদ এই তিন শ্রেণীর যুবক-যুবতী

SOBDIK NEWS: রাজ্যে বিজেপি সরকারের প্রথম বাজেটে রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য যুব শক্তি ‘ভরসা’ (Banglar Yuva Shakti Yojana) প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছিল। শোনা গিয়েছিল, সব ঠিক থাকলে আগামী ২৩শে নভেম্বর থেকে অফিসিয়ালি আবেদন শুরু হয়ে যাবে এই প্রকল্পের। তাহলে কী আগামীকাল থেকেই চালু হচ্ছে যুবশক্তি? কারা পাবেন এই প্রকল্পের (Yuva Shakti Bharosa Scheme) সুবিধা?
নভেম্বরেই চালু হচ্ছে যুবশক্তি! Banglar Yuva Shakti Yojana
রাজ্যের যুবসমাজের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে যুবশক্তি ভরসা স্কীম। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে জানান, ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ‘ভরসা’ প্রকল্পে অনুমোদন দেওয়া হবে। আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েটরা। তাদের মাসিক আর্থিক সাহায্য প্রদান করা হবে। যদিও এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি না থাকায় শুরু হয়েছে চর্চা।
কর্মহীন তরুণ-তরুণীরা প্রতি মাসে আর্থিক ভাতা পাবেন এই প্রকল্পের মাধ্যমে। এর মাধ্যমে স্নাতক বেকারদের মাসে ৩০০০ টাকা এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁদের মাসিক ২০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ও বই কেনার খরচ সামলাতে সাহায্য করবে এই স্কিম।
আরও পড়ুন: কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে কার্যকর নতুন বেতন কাঠামো! কেন্দ্রের নিয়ম মেনে চালু হল নূন্যতম মজুরি
আর্থিক সহায়তায় বিভিন্ন বৃত্তিমূলক ও কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ মিলবে। স্বনির্ভর হওয়ার জন্য প্রয়োজনীয় সরকারি ঋণ এবং পরামর্শ পরিষেবা মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে জানিয়েছেন, “যতক্ষণ না চাকরি পান, সরকার পাশে থাকবে।” আগে মুখ্যমন্ত্রী একাধিকবার জানিয়েছিলেন জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের আওতায় সুবিধা প্রদান করা হবে।
এই প্রকল্পের সুবিধা পেতে, কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। যে সমস্ত আবেদনকারী ইতিমধ্যে কোনো স্থায়ী সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত, তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। পরিবারের কেউ আয়কর প্রদান করলে সেই পরিবারের যুব যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অন্য কোনো সরকারি পেনশন বা একই ধরনের ভাতা প্রাপকরা বাদ পড়বেন। আবেদনপত্রে ভুল তথ্য দিলে বা ভুয়ো নথি জমা করে সুবিধা পেতে চাইলেও বাতিল হবে আবেদন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে স্পষ্ট করেছেন, যাঁদের পরিবারে মাসে এক লক্ষ টাকার নীচে আয় তাঁরাই শুধুমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন। যতদিন পর্যন্ত কোনও কর্মহীন যুবক বা যুবতীর কর্মসংস্থান না হচ্ছে, ততদিন সরকার তরফে শিক্ষিত বেকারদের পাশে থাকা হবে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।



