0%

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

নিজস্ব প্রতিনিধি:  পর্দায় অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করেছেন রণবীর সিং। আর এবার তাঁর অভিনয় নয় ক্রিকেট খেলার দক্ষতার প্রশংসা শোনা গেল স্বয়ং মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকরের গলায়। ‘ধুরন্ধর’-এর সাফল্যে এখন চর্চার কেন্দ্রে বলিউড অভিনেতা। ঠিক সেই সময়েই ২০২১ সালে মুক্তি পাওয়া ছবি ‘৮৩’-তে কপিল দেবের চরিত্রে অভিনয় এবং বোলিং অ্যাকশনের জন্য রণবীরের প্রশংসা করলেন শচিন। শুধু তাই নয়, রণবীরকে একদিন নেটে বল করার জন্য প্রস্তাবও দিলেন ক্রিকেটের ঈশ্বর। শচিনের মুখে অভিনেতার ক্রিকেট খেলার প্রশংসা, স্বাভাভিক ভাবেই ক্রীড়া ও বিনোদন জগতে সাড়া ফেলে দিয়েছে।  

সম্প্রতি মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ অনুষ্ঠানে একই মঞ্চে হাজির হয়েছিলেন শচিন তেন্ডুলকর ও রণবীর সিং। সেখানে শচিনের ক্রিকেটজীবন এবং তাঁর অবদান নিয়ে কথা বলেন অভিনেতা। পাশাপাশি শচিনকে কয়েকটি মজার প্রশ্নও করেন তিনি। জানতে চান, কোন অভিনেতা ভাল ক্রিকেটার হতে পারেন এবং কোন ক্রিকেটার ভাল অভিনেতা হতে পারেন? প্রশ্ন শুনে মজার ছলে শচিন বলেন, রণবীর তাঁকে বেশ ভাল গুগলি দিয়েছেন। এরপরই রণবীর সিংয়ের ‘৮৩’ ছবির প্রসঙ্গ টেনে আনেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। ছবিতে রণবীরকে ফাস্ট বোলিং করতে দেখা গিয়েছিল। সেই অভিনয়  প্রসঙ্গে রণবীর জানান, প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবের বোলিং অ্যাকশন নকল করতে গিয়ে তাঁর কোমরের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কারণ, কপিল দেবের মতো বোলিং করা মোটেই সহজ নয়। 

এরপরই রণবীরের প্রশংসায় পঞ্চমুখ হন শচিন। তাঁর কথায়, কপিল দেবের বোলিং অ্যাকশন রণবীর অত্যন্ত নিখুঁতভাবে অনুকরণ করেছিলেন। শুধু তাই নয়,  এই চরিত্রটি রণবীর ছাড়া আর কারও পক্ষে এত ভালভাবে ফুটিয়ে তোলা সম্ভব হত না বলেও উল্লেখ করেন। এই কথোপকথনের পরেই ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার রণবীর সিংকে তাঁর কাছে একদিন নেটে  বল করতে আসার পরামর্শ দেন। শচীন ও রণবীরের মধ্যে এই আলাপচারিতা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

 

The post ‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker