শেখাওয়াতের সঙ্গে ইরানের সাংস্কৃতিক সংস্থার প্রধানের বৈঠক, ভারতে ফারসি ভাষার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরলেন

নয়াদিল্লি, ২১ নভেম্বর : ভারতে ফারসি ভাষার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। শনিবার নয়াদিল্লিতে প্রথম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সভ্যতাগত সংলাপ ফোরামের পার্শ্ববৈঠকে ইরানের ইসলামিক কালচার অ্যান্ড রিলেশনস অর্গানাইজেশনের সভাপতি মহম্মদ মাহদি ইমানিপুরের সঙ্গে বৈঠক করেন তিনি।
ভারতে অবস্থিত ইরানের দূতাবাস সমাজমাধ্যমে জানিয়েছে, বৈঠকে শেখাওয়াত বলেন, ভারতের কাছে ফারসি কোনও বিদেশি ভাষা নয়। ভারতের জাতীয় শিক্ষানীতি ২০২০-এর অধীনে অন্যান্য ধ্রুপদি ভারতীয় ভাষার পাশাপাশি ফারসিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে ভারত ও ইরানের মধ্যে সাংস্কৃতিক ও শৈল্পিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ভারতে ইরানের দূতাবাসের উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসব-সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন শেখাওয়াত। দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে ভারতের আগ্রহের কথাও জানান তিনি। পাশাপাশি পাণ্ডুলিপি সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে ইরানের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী।
অন্যদিকে, ইরানে ওষুধ পাঠানোর ক্ষেত্রে ভারত সরকারের সহযোগিতার প্রশংসা করেন ইমানিপুর। সাম্প্রতিক যুদ্ধের সময় ভারতের গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে জানিয়েছে ইরানের দূতাবাস।
বৈঠকে ভারত ও ইরানের যৌথ উদ্যোগে একটি সাংস্কৃতিক সপ্তাহ আয়োজনের প্রস্তাব দেন ইমানিপুর। তিনি জানান, এ ধরনের যৌথ সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের জন্য ইরান প্রস্তুত। পাশাপাশি ভারতীয় শিল্পীদের ইরান সফরে গিয়ে একটি বৃহৎ সাংস্কৃতিক সপ্তাহ আয়োজনের আমন্ত্রণ জানান তিনি।
ইরানের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে শেখাওয়াত জানান, এ বিষয়ে সহযোগিতা করতে ভারতও প্রস্তুত।
চলচ্চিত্র ও সিনেমার ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন ইমানিপুর। এই ক্ষেত্রে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, ইসলামিক কালচার অ্যান্ড রিলেশনস অর্গানাইজেশনের বিশ্বের বিভিন্ন দেশে ৬৫টি সাংস্কৃতিক মিশন রয়েছে। ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সাংস্কৃতিক সহযোগিতা আরও বাড়াতে ইরান আগ্রহী।
উল্লেখ্য, শুক্রবার প্রথম এসসিও সভ্যতাগত সংলাপ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পারস্পরিক আস্থা এবং অভিন্ন সভ্যতাগত মূল্যবোধকে আঞ্চলিক সহযোগিতার শক্তিশালী ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে বৈচিত্র্যই ঐক্যের ভিত্তি হয়ে উঠতে পারে।



