0%

ক্রোনিয়ের ম্যাচ ফিক্সিংকেও ছাপিয়ে স্যান্ডপেপারগেট, মন্তব্য জিওফ্রে বয়কটের

 

লন্ডন, ২২ নভেম্বর : ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অস্ট্রেলীয় ক্রিকেট দলের বল বিকৃতির ঘটনা ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় কেলেঙ্কারি বলে মন্তব্য করলেন ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার স্যার জিওফ্রে বয়কট। তাঁর মতে, এই ঘটনা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ গড়াপেটার কেলেঙ্কারিকেও ছাপিয়ে গিয়েছে।

 

আট বছর আগের সেই বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর। ওই বইয়ে খাজা দাবি করেছেন, বল বিকৃতির জন্য স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলীয় দলের প্রত্যেক সদস্যই অবগত ছিলেন। প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নারও এই দাবিকে সমর্থন করেছেন।

 

অন্যদিকে, টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স সম্প্রতি প্রায় ৭০ মিনিটের সাংবাদিক সম্মেলনে নিজের অবস্থানে অনড় থেকে দাবি করেন, ওই পরিকল্পনা সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন বল বিকৃতির ঘটনায় শাস্তিপ্রাপ্ত তিন ক্রিকেটারের অন্যতম ক্যামেরন ব্যানক্রফট। ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত একটি বিস্ফোরক নিবন্ধে তিনি খাজার বক্তব্যকে সমর্থন করেছেন।

 

‘দ্য টেলিগ্রাফ’-এ নিজের কলামে বয়কট লিখেছেন, স্যান্ডপেপার কেলেঙ্কারি ২৫ বছরেরও বেশি আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে নাড়িয়ে দেওয়া ক্রনিয়ের ম্যাচ গড়াপেটার ঘটনার চেয়েও বড়। তাঁর দাবি, ক্রনিয়ে মূলত কয়েকজন তরুণ ক্রিকেটার হার্শেল গিবস ও হেনরি উইলিয়ামসকে নিজের পরিকল্পনায় যুক্ত করেছিলেন। কিন্তু দলের বাকি সদস্য এবং কোচিং স্টাফরা সে বিষয়ে কিছুই জানতেন না।

 

অন্যদিকে, অস্ট্রেলিয়ার স্যান্ডপেপার কেলেঙ্কারিতে গোটা দল জড়িয়ে ছিল বলে অভিযোগ করেন বয়কট। তাঁর দাবি, দলের ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ—সকলেই পরিকল্পিতভাবে বল বিকৃতির সঙ্গে যুক্ত ছিলেন। অথচ পরবর্তী সময়ে দায় চাপানো হয়েছিল মাত্র তিনজন ক্রিকেটারের উপর।

 

বয়কট আরও বলেন, এই ঘটনায় অস্ট্রেলীয় ক্রিকেটের পাশাপাশি দেশের অতীতের ক্রীড়াবিদদের সম্মানও ক্ষুণ্ণ হয়েছে।

 

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছেন বয়কট। তাঁর মতে, বল বিকৃতির পরিকল্পনা আটকাতে ব্যর্থ হওয়ার জন্য স্মিথের আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল।

 

তিনি বলেন, ঘটনার সময়ই তিনি মনে করেছিলেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ তুলনামূলকভাবে কম শাস্তি পেয়েছেন। তাঁদের পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা উচিত ছিল।

 

বয়কটের দাবি, এটি কোনও আকস্মিক ঘটনা ছিল না। বরং দুটি টেস্ট ম্যাচে জেতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বল বিকৃতির চেষ্টা করা হয়েছিল। দলের একজন অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারকে দিয়ে এই কাজ করানো হয়েছিল, যাতে সহজে বিষয়টি ধরা না পড়ে।

 

স্মিথের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলে বয়কট বলেন, ওয়ার্নার যখন স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন, তখনই অধিনায়ক হিসেবে স্মিথের উচিত ছিল তা বন্ধ করা। কিন্তু তিনি বিষয়টি জানতে চান না বলে দাবি করেও পরিকল্পনাটি বাস্তবায়িত হতে দেন এবং এর ফলে পাওয়া সুবিধা গ্রহণ করেন।

 

বয়কটের মতে, অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন স্মিথ। এই ঘটনার জন্য তাঁকে ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker