সরকারি হাসপাতালেই মিলবে ফ্রি ওষুধ! বাইরে থেকে কিনতে বলা যাবে না, নির্দেশ স্বাস্থ্য দফতরের

SOBDIK NEWS: সরকারি হাসপাতালে (Government Hospital) চিকিৎসা করাতে এসে অনেক সময় বাইরে থেকে ওষুধ বা চিকিৎসার সামগ্রী কিনতে হয় রোগী বা তাঁর পরিজনদের। তবে এবার থেকে তা আর চলবে না। সম্প্রতি একটি নির্দেশ জারি করে এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। এমনকি হাসপাতালে কোনও ওষুধ মজুত না থাকলে তা কেনার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে বলে জানানো হয়েছে।
রোগীদের সুবিধার্থে বড় নির্দেশ স্বাস্থ্য দফতরের | (West Bengal Health Department)
গত ২১ নভেম্বর মেডিক্যাল এডুকেশন ডিরেক্টরেটের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের সকল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি, সুপারিনটেনডেন্ট ও অন্যান্য হাসপাতাল কর্তৃপক্ষকে সেটি মেনে চলতে বলা হয়েছে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, সকল সরকারি হাসপাতালের চিকিৎসকদের হাসপাতালের নির্দিষ্ট প্রেসক্রিপশন প্যাডে ওষুধ লিখতে হবে। প্রেসক্রিপশনে বড় অক্ষরে সংশ্লিষ্ট চিকিৎসকের নাম, পদবী, রেজিস্ট্রেশন নম্বর ও সই থাকতে হবে।
আরও পড়ুনঃ নবদ্বীপের জন্য ঢালাও বরাদ্দ! স্থায়ী সেতু থেকে ফেরি পরিষেবার ঘোষণা মুখ্যমন্ত্রীর
কোনও চিকিৎসক যদি এমন কোনও ওষুধ বা চিকিৎসার সামগ্রী লেখেন যা হাসপাতালের নির্ধারিত তালিকায় নেই, তাহলে সেই প্রেসক্রিপশন ওই হাসপাতালের এমএসভিপি, নন মেডিক্যাল ডেপুটি বা অ্যাসিন্ট্যান্ট সুপারিনটেনডেন্টের কাছে পাঠাতে হবে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষই বাইরে থেকে সেই ওষুধ বা চিকিৎসার সামগ্রী কিনে এনে রোগীকে বিনামূল্যে দেবে। রোগী বা তাঁর পরিজনদের তা বাইরে থেকে কিনে আনতে বলা যাবে না।
এছাড়া বলা হয়েছে, কোনও কারণে হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ বা চিকিৎসার সামগ্রী মজুত না থাকলে তা দ্রুত কেনার ব্যবস্থা করতে হবে। এসব ক্ষেত্রে FPMS-এর মাধ্যমে কেনাকাটার জন্য স্বাস্থ্য দফতরের আগের নির্দেশিকা মেনে চলতে হবে।
সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে অনেক সময় বাইরে থেকে ওষুধ কিনতে হত রোগী বা তাঁর পরিজনদের। এর ফলে অনেক সময় তাঁদের সমস্যার সম্মুখীনও হতে হত। এবার সেই সমস্যা দূর করতে বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। এর ফলে রোগী ও তাঁদের পরিজনদের অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।



