0%

দারিদ্র্যের বিরুদ্ধে ভারতের লড়াই বদলে দিচ্ছে কোটি কোটি মানুষের জীবন: প্রধানমন্ত্রী মোদি

 

নয়াদিল্লি, ২৩ নভেম্বর : দারিদ্র্যের বিরুদ্ধে ভারতের লড়াই কীভাবে দেশের কোটি কোটি মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনছে, তা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের লেখা একটি নিবন্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এই পরিবর্তনের কথা তুলে ধরেন তিনি।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর নিবন্ধে উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দারিদ্র্য মোকাবিলার ক্ষেত্রে সাময়িক আর্থিক সহায়তার পরিবর্তে দারিদ্র্যের মূল কারণ এবং দীর্ঘস্থায়ী প্রতিবন্ধকতা দূর করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী মোদি এক্স-এ লিখেছেন, আবাসন, স্বাস্থ্য পরিষেবা, বিশুদ্ধ পানীয় জল, ব্যাঙ্কিং পরিষেবা এবং উদ্যোগপতি হওয়ার সুযোগের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারের জীবনে পরিবর্তন এসেছে। পাশাপাশি গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, মৌলিক প্রয়োজন পূরণ থেকে শুরু করে নতুন জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি—দারিদ্র্যের বিরুদ্ধে ভারতের লড়াই দেশের সর্বত্র মানুষের জীবন বদলে দিচ্ছে।

‘দ্য ডিকেড ইন্ডিয়া টার্নড দ্য টাইড অন পোভার্টি’ শীর্ষক নিবন্ধে অর্থমন্ত্রী বিশ্বব্যাঙ্কের ২০২৬ সালের অক্টোবর মাসের ‘পোভার্টি অ্যান্ড ইক্যুইটি ব্রিফ’-এর উল্লেখ করে জানান, গত এক দশকে ভারতের দারিদ্র্য মোকাবিলার কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সাময়িক ত্রাণের পরিবর্তে দারিদ্র্যের কাঠামোগত কারণগুলি দূর করার উপর জোর দেওয়া হয়েছে।

সীতারামনের দাবি, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ৫০ কোটি ভারতীয় দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন। বিশ্বব্যাঙ্কের ২০২৬ সালের অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে দৈনিক ৪.২০ ডলারের নিম্ন-মধ্যম আয়ের দারিদ্র্যসীমার নীচে থাকা ভারতীয়দের হার ৫৭.৭ শতাংশ থেকে কমে ১৬.১ শতাংশ হয়েছে। অন্যদিকে, দৈনিক ৩ ডলারের চরম দারিদ্র্যসীমার নীচে থাকা মানুষের হার ২৭.১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২.৬ শতাংশে।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, দারিদ্র্য শুধু আয়ের অভাব নয়। নিরাপদ বাসস্থান, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগার এবং স্বাস্থ্য পরিষেবার অভাবও পরিবারগুলিকে দারিদ্র্যের ঝুঁকিতে রাখে। বিশেষ করে কোনও পরিবারের সদস্যের গুরুতর অসুস্থতা বা চিকিৎসার খরচ তাদের সঞ্চয় শেষ করে দিতে পারে এবং আবার দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।

দারিদ্র্য মোকাবিলায় বিভিন্ন লক্ষ্যভিত্তিক সরকারি প্রকল্প, জনধন অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি, সরাসরি সুবিধা হস্তান্তর (ডিবিটি) এবং মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলির উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে জানান তিনি। নাগাল্যান্ডের কিফিরে এলাকায় তাঁর সঙ্গে দেখা হওয়া ‘লাখপতি দিদি’দের উদাহরণও তুলে ধরেন অর্থমন্ত্রী।

সীতারামনের মতে, আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দারিদ্র্যের সর্বনিম্ন স্তরে থাকা মানুষদের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা এবং ইতিমধ্যে দারিদ্র্যসীমার উপরে উঠে আসা পরিবারগুলিকে পুনরায় দারিদ্র্যের মধ্যে ফিরে যাওয়া থেকে রক্ষা করা। এর জন্য কর্মসংস্থান, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল অর্থনীতির সুযোগ সম্প্রসারণের উপর গুরুত্ব দিতে হবে। এই লক্ষ্য নিয়েই বিকশিত ভারত গড়ে তোলার পথে এগোতে হবে।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker