পাকিস্তানের রানের পাহাড়ে ধাক্কা, তিলক-শাহবাজের লড়াইয়ে লাভ হল না, যুব এশিয়া কাপে হার ভারতের

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, কঠিন নার্ভের পরীক্ষা। খেলোয়াড় থেকে সমর্থক দু’পক্ষের কাছেই। রবিবার দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত ‘এ’ এবং পাকিস্তান ‘এ’-র ম্যাচেও তা টের পাওয়া গেল শিরায় শিরায়। আগ্রাসী মেজাজে দেখা গেল মেন-ইন-ব্লু-র বোলিং অস্ত্র হর্ষিত রানাকে। পাকিস্তানের একাধিক ব্যাটারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান তিনি। যদির দিনের শেষে তাতে লাভ হল না খুব একটা। প্রথম ব্যাট করে ৩১৩ রান তোলে আবদুল সামাদের পাকিস্তান। লড়াই করেও ব্যাটিং ব্যর্থতায় সেই রান তুলতে পারল না তিলক বর্মার দল। উলটো দিকে বলা যায়—পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের উত্তর ছিল না বৈভব সূর্যবংশীদের কাছে। তার ফলেই ৪৮ রানে হার।
‘সকালই বলে দেয় দিনটা কেমন যাবে’, এই আপ্তবাক্য অনুযায়ী টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আবদুল সামাদ। সবুজজার্সিধারী দুই ওপেনার দাম দেন পাক অধিনায়কের এই সিদ্ধান্তকে। শামিল হুসেন শুরুটা ভালো করেও হর্ষিত রানার বলে ব্যক্তিগত ৩৩ রানে ক্যাচ আউট হন। তবে আরেকজন মাজ সাদাকত খানিক বেশি বল (৬৩) খেললেও জরুরি ৫৯ রান করে যান। এরপর ইউকেট কিপার ব্যটাসম্যান নাজির ‘ডাক’ করলেও পাকিস্তানের ইনিংসের মধ্যবর্তী অংশে হাল ধরেন হাসান নওয়াজ। পাঁচটি চার, চারটি ছক্কায় সাজানো ৭৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান তিনি। পাকিস্তানের মাঝের সারির ব্যাটসম্যানরা সকলেই কমবেশি রান পেয়েছেন। ক্যাপ্টেন সামাদ (২৮), ফারহান ইউসুফ (৫৬), মহম্মদ ইমরান (২৩)-এর অবদানে ৪৯ ওভার ২ বলে খেলে সব উইকেট হারিয়ে ৩১৩ রান রানের পাহাড় গড়ে যুযুধান প্রতিবেশী দেশ।
ভারতের ইনিংসের শুরুতেই বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর (১১) উইকেট তুলে নেয় মহম্মদ ইমরান। এরপর মাঠে নামা অয়ুষ বদানিও বেশিক্ষণ টেকেননি। তাঁর অবদান ৪ বলে শূন্য। যদিও রোহিত শর্মার সার্থক উত্তরসূরি আরেক শর্মা অভিষেক দুরন্ত গতিতে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ৪২ বলে ৭০ রানের মাথায় ছন্দপতন ঘটে। হাসান নওয়াজের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এই সময় থেকেই তিন পাক বোলার আলি রাজা, হাসান নওয়াজ, এবং মহম্মদ ইমরানের দাপটে, ভারতীয় তরুণ ব্রিগেডের ব্যাটিং ব্যর্থতায় একের পর এক উইকেট পড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যে তিনটি মূল্যবান উইকেটের পতন হয়। কুমার কুশাগ্র, সূর্যাংশ শাদগি, এমনকি রিঙ্কু সিংও দুয়ের ঘরে নিয়ে যেতে পারেননি নিজেদের ইনিংসকে।
পরিস্থিতি বুঝে উইকেট বাঁচানোর কৌশল নিয়ে ধৈর্য্যশীল ব্যাটিং করেন অধিনায়ক তিলক বর্মা। ঢিমে তালেই খেলে হাফ সেঞ্চুরি ডিঙোন তিনি। নিচের সারির ব্যাটার শাহবাজ আহমেদ ভারতীয় ক্যাপ্টেনের পাশে দাঁড়ান। তিলক ও শাহবাজের কারণেই সহজে জিততে পারেনি পাকিস্তান। পাক পেশার আলি রাজার বলে ক্যাচ আউট হওয়ার আগে অবধি দাঁত কামড়ে লড়াই চালান শাহবাজ। শেষ পর্যন্ত ভারত হারলেও তাঁর ৪৯ বলে ৫৬ রানের ইনিংস উজ্জ্বলতা হারাবে না। সমস্যা হল শাহবাজ ফিরে যেতেই সমস্ত লড়াইয়ের সমাপ্তি ঘটে। ভিপরাজ নিগম ও হর্ষিত রানা দুজনেই শূন্য রানে ফিরে যান। দায়িত্বশীল অধিনায়কের ভূমিকা পালন করে তিলক শেষ পর্যন্ত ব্যাট করলেও (১৪৯ বলে ১০০ রান), এমনকী সেঞ্চুরি পেলেও এযাত্রায় ৪৮ রানে হারতে হল ইন্ডিয়া ‘এ’-কে। নেপথ্যে তিন পাক বোলার আলি রাজা (৫১ রানে ৩ উইকেট), হাসান নওয়াজ (৪৫ রানে ৩ উইকেট) এবং মহম্মদ ইমরানের (৬১ রানে ২ উইকেট) পারফরম্য়ান্স।
শেয়ার
লিংক



