0%

গান নিয়ে বিধিনিষেধে প্রশ্ন দিলজিৎ দোসাঞ্জের, ‘শুধু আমার ক্ষেত্রেই কেন দ্বিচারিতা?’

 

মুম্বই, ২২ নভেম্বর : আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কনসার্ট চলাকালীন নিজের গানের উপর আরোপিত বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুললেন গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। বিদেশি শিল্পীদের তুলনায় ভারতীয় শিল্পীদের ক্ষেত্রে আলাদা নিয়ম প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, এই ধরনের দ্বিচারিতা কেন শুধু তাঁর ক্ষেত্রেই করা হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না।

 

কনসার্টে পারফর্ম করার আগে দর্শকদের উদ্দেশে দিলজিৎ বলেন, বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম হিসেবে পরিচিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠান করতে পারা তাঁর কাছে অত্যন্ত বিশেষ মুহূর্ত। এর আগে ওয়েম্বলিতেও পারফর্ম করেছেন তিনি। তবে এই স্টেডিয়ামে অনুষ্ঠান করার স্বপ্ন দীর্ঘদিনের ছিল। দর্শকদের জন্যই সেই স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান গায়ক।

 

গত বছর এই স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের অনুষ্ঠান তাঁকে অনুপ্রাণিত করেছিল বলেও জানান দিলজিৎ। একই সঙ্গে কোল্ডপ্লের গানের ক্ষেত্রে কোনও আপত্তি না থাকলেও তাঁর গানের ক্ষেত্রে কেন আপত্তি তোলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন করেন তিনি।

 

দিলজিৎ বলেন, কোল্ডপ্লে যখন এখানে এসে ‘আই অ্যাম ফিলিং ড্রাঙ্ক অ্যান্ড হাই’ গানটি পরিবেশন করে, তখন কারও কোনও আপত্তি থাকে না। অথচ তিনি একই ধরনের গান পরিবেশন করলেই সমস্যা তৈরি হয়। তাঁর প্রশ্ন, এই দ্বিচারিতা কেন?

 

বিদেশি শিল্পীদের তুলনায় ভারতীয় শিল্পীদের প্রতি আলাদা আচরণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দিলজিৎ বলেন, তিনি বিদেশ থেকে আসেননি, তাঁর জন্ম ভারতেই। বিশ্বের বিভিন্ন দেশে তিনি অনুষ্ঠান করতে গেলেও তাঁর সঙ্গে থাকা সমস্ত সংগীতশিল্পীই ভারতীয় এবং তাঁরাও দেশেই জন্মেছেন।

 

নিজের সঙ্গে বিশ্বজুড়ে সফর করা ভারতীয় সংগীতশিল্পীদের দর্শকদের সামনে পরিচয় করিয়ে দিয়ে তাঁদের জন্য হাততালি দেওয়ার আহ্বান জানান তিনি।

 

গানের উপর বিধিনিষেধ আরোপ করা হলে তাঁর কোনও আপত্তি নেই বলেও জানান দিলজিৎ। তবে একই নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, বিধিনিষেধ আরোপ করতে চাইলে তা তাঁর উপর করা হোক, তাতে তাঁর কোনও সমস্যা নেই। যাঁরা এই বিধিনিষেধ আরোপ করছেন, তাঁদের প্রতিও তাঁর কোনও বিরূপ মনোভাব নেই।

 

পাশাপাশি তাঁকে উসকানি দেওয়া হলে পাল্টা জবাব দেবেন বলেও মন্তব্য করেন গায়ক। তিনি বলেন, তাঁকে বিরক্ত করলে তিনি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসবেন। তবে নিজের অনুষ্ঠান চালিয়ে যাওয়া, কর প্রদান করা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঞ্জাবি ও ভারতীয় সংগীতের প্রচার করাই তাঁর লক্ষ্য।

 

উল্লেখ্য, আহমেদাবাদের কনসার্টে দিলজিতের চারটি গান পরিবেশন নিয়ে আপত্তি তুলেছিলেন চণ্ডীগড়ের পিজিজিসি-৪৬-এর সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. পণ্ডিত রাও ধরেন্নাভার। তাঁর অভিযোগ, গানগুলির কথা মদ্যপান, মাদক সেবন এবং বন্দুক সংস্কৃতিকে উৎসাহিত করে।

 

এই চারটি গান হল ‘পাতিয়ালা পেগ’, ‘পাঞ্জ তারা’, ‘জে বিচ্ছো ফিম লাব্বিয়া’ এবং ‘জাট উত্তে ফায়ার কারদা’। গানগুলি পরিবেশন না করার জন্য তিনি দিলজিৎকে অনুরোধ জানিয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি গানগুলি পরিবেশন করা হলে গুজরাট হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker