0%

নির্বাচন কমিশনে ভুয়ো হলফনামা! ঋত শিবিরের বিরুদ্ধে থানায় অভিযোগ মমতা তৃণমূলের

SOBDIK NEWS: তৃণমূলের (Trinamool Congress) দুই শিবিরের মধ্যে নাম, প্রতীক নিয়ে জোরদার আইনি লড়াই চলছে। এর মাঝেই সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে, থাকবে। পাশাপাশি তাঁর অভিযোগ, ভুয়ো হলফনামা, নোটারি জোগাড় করে ঋতব্রত শিবির জাল সদস্যের নামের তালিকা নির্বাচন কমিশনে জমা করেছে। এই বিষয়ে পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া হয় বলেও দাবি করেন তিনি। এবার এই ইস্যুতেই পুলিশের দ্বারস্থ হল মমতা তৃণমূল (Mamata TMC) শিবির।

ঋত শিবিরের বিরুদ্ধে থানায় মমতা তৃণমূল | (Mamata TMC)

রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মমতা তৃণমূলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। পাশাপাশি অভিযোগ দায়ের করা হয়েছে নানুর থানার ওসি সঞ্জয় সরকার ও সাব ইনস্পেক্টর গোলক ঘোষের নামেও।

প্রায় চার পাতার অভিযোগপত্রে দাবি, কমিশনে জমা দেওয়া তথ্য ভুয়ো নোটারি বানিয়ে করা হয়েছে। ৫০ শতাংশ জায়গা ফাঁকা রেখেই হলফনামা জমা করা হয়েছে। শুভাশিসের দাবি, প্রথমে হলফনামা জমা করা হয়। তবে নোটারির অভাবে অন্য জায়গা থেকে তা করিয়ে এনে জমা দেওয়া হয়। এই বিষয়ক যাবতীয় তথ্য তাঁদের কাছে রয়েছে বলে জানিয়েছে মমতা তৃণমূলের কোষাধ্যক্ষ।

আরও পড়ুনঃ সরকারি হাসপাতালেই মিলবে ফ্রি ওষুধ! বাইরে থেকে কিনতে বলা যাবে না, নির্দেশ স্বাস্থ্য দফতরের

এছাড়া অভিযোগপত্রে আরও দাবি, সম্পূর্ণ ঘটনার নেপথ্যে নানুর থানার দু’জন শীর্ষ আধিকারিকের পাশাপাশি বেশ কয়েকজন সিভিকও জড়িত। পুলিশ যাতে সম্পূর্ণ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে, তার আবেদন জানানো হয়েছে।

এদিকে মমতা তৃণমূলের সাংসদ অভিষেক আগেই জানিয়েছেন, তাঁদের কাছে এমন একাধিক নথি আছে। এমনকি ভিডিও রেকর্ডও রয়েছে। আগামীদিনে এসব নথি, ভিডিও রেকর্ড আদালতে জমা করা হবে।

তৃণমূলের দুই শিবিরের মধ্যে চলতে থাকা এই লড়াই নিয়ে কটাক্ষ করেছে বঙ্গ বিজেপি। দেবজিৎ সরকার বলেন, “দু’টো ডাকাতদলের মধ্যে যুদ্ধ চলছে। যা বলার আছে তা প্রশাসন ও দুই গোষ্ঠী একে অপরের সম্বন্ধে বলবে। আমরা কোনও পক্ষে নেই এবং আমাদের কিছু বলারও নেই।“

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে চলতে থাকা যুদ্ধের মাঝেই সম্প্রতি অভিষেক বলেছিলেন, ““খালি সাতদিন দাঁড়ান। জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে, থাকবে। কীভাবে পুলিশ থানায় এফিডেভিট ফাইল হয়েছে…বড়পর্দায় আপনাদের সবাইকে সাক্ষী রেখে দেখাব।“ এরপরেই পুলিশের দ্বারস্থ হল মমতা তৃণমূল। এরপর এই জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker