‘ওর মতো একজনকে পাওয়াটা ভাগ্যের ব্যাপার…’, রেষারেষি নয়, পন্থকে ‘মেন্টর’ বললেন জুরেল

প্রথম উইকেটকিপার হিসাবে দলে রয়েছেন ঋষভ পন্থ। তাই বিশেষজ্ঞ হিসাবে ভারতীয় দলে জায়গা পেয়েছেন আরেক উইকেটকিপার ধ্রুব জুরেল। সেই সুযোগের সদ্ব্যবহার করলেন আগ্রার ক্রিকেটার। করেন ৭৯ বলে ৭৮ রান। তবে অনেকেই মনে করেন পন্থের প্রতিদ্বন্দ্বী জুরেল। যদিও সেসব প্রতিদ্বন্দ্বিতা ধর্তব্যে আনলেন না। বরং পন্থকে নিজের মেন্টর মনে করেন তিনি।
ম্যাচের পর জুরেল বলেন, “আগেও অনেকবার বলেছি। ঋষভ অসাধারণ। ওর ব্যাটিং উপভোগ করি। সব সময় ওর সঙ্গে কথা বলি। ওর মানসিকতা সম্পর্কে জানতে চাই। যখনই আমরা ভাবি যে, ও স্বাভাবিক ভাবে খেলবে, তখনই ও ক্রিজে এসে ঝড় তোলে। কভারের উপর দিয়ে স্টেপ আউট করে শট মারে। ওকে খেলোয়াড় ও মেন্টর হিসাবে খুব ভালোবাসি। সব সময় ও ইতিবাচক এনার্জি দেয়। ওর মতো একজনকে পাওয়াটা ভাগ্যের ব্যাপার।”
কেএল রাহুলের পর ঋষভ পন্থের সেঞ্চুরিতে ৩৫২ রানের লিড নিয়েছে ভারত। চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১১৯ রান। ভারত এখনও ২৩৩ রানে এগিয়ে। তবে মুল চ্যালেঞ্জ সেটা নয়, মূল চ্যালেঞ্জ ‘নিষ্প্রাণ’ পিচে কিউয়িদের আউট করা। কারণ ওয়েলিংটনের পিচে এখনও সেভাবে সাহায্য পাচ্ছেন না বোলাররা। সেই নিয়ে চিন্তা প্রকাশ করে গেলেন জুরেলও। তিনি বলেন, “আমার মনে হয়, একটু ভাগ্যের দরকার। আর আটটা ভালো প্রয়োজন। আমরা আশা করছি, সেটুকু পাব। একটা জায়গায় বল করে যেতে হবে। উইকেট ক্রমশ স্লো হচ্ছে। আজকের পরিকল্পনা সফল হয়েছে। কাল আশা করি, ভাগ্যের সাহায্য পাব।”
তবে পন্থের প্রশংসা করে তাঁকে ‘মেন্টর’ বলছেন জুরেল। তিনিও উইকেটকিপার। তবে পন্থ দলে থাকায় আপাতত সেই দায়িত্ব পালন করতে হচ্ছে না। তাছাড়া দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারও বদলায়। জুরেল অবশ্য সেসব নিয়ে ভাবছেন না। তিনি বলেন, “আমি মানিয়ে নিতে চাই। আমি দেশের হয়ে খেলছি। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, পালন করব। যদি বলা হয়, তাহলে বল করতেও রাজি।” প্রসঙ্গত, পন্থের সঙ্গে জুরেলের জুটিতে ওঠে ৭৫ রান। নিজে সেঞ্চুরি হাতছাড়া করলেও তিন অঙ্কের রানে ছক্কা হাঁকিয়ে পৌঁছন পন্থ।
শেয়ার
লিংক



