অভিষেকেই টানা চার বলে চার উইকেট! আইপিএল নিলামের আগে বিরল নজির ভারতীয় পেসারের

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেকেই বিরল রেকর্ড। চারটে বল, টানা চারটে উইকেট। রেলওয়ের মিডিয়াম পেসার জামশেদ আলমের কৃতিত্ব দেখে অবাক ভারতের ক্রিকেটভক্তরা। এখানেই শেষ নয়। পাঁচ উইকেট তুলে আরও একটি রেকর্ড করে নিয়েছেন এই বোলার। সামনে আইপিএলের নিলাম। তার আগে নজির গড়ে অনেক ফ্র্যাঞ্চাইজির নজরে চলে এসেছেন জামশেদ।
মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ ‘বি’তে মুখোমুখি হয়েছিল সৌরাষ্ট্র ও রেলওয়ে। প্রথমে ব্যাট করে রেলওয়ে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে। সৌরাষ্ট্র ব্যাট করতে নামতেই জ্বলে ওঠেন ২৩ বছর বয়সি বোলার। আদতে উত্তরপ্রদেশের ক্রিকেটার হলেও খেলেন রেলওয়ের হয়ে। বোলিংয়ের চতুর্থ ওভারের ঘটনা। তৃতীয় বল থেকে শেষ বলের মধ্যে হার্ভিক দেশাই, প্রেরক মানকড়, রুচিত আহির ও সম্মর গজ্জরের উইকেট তুলে নেন জামশেদ।
এরপর আরও একটি উইকেট পান জামশেদ। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে সিদ্ধান্ত রানাকেও ফেরান তিনি। এদিনই অভিষেক হয়েছে তাঁর। অর্থাৎ কেরিয়ারের প্রথম ৯ বলেই ৫ উইকেট তুলে নিয়েছেন। ভারতীয় ক্রিকেটে এর আগে মাত্র দু’জন এক ওভারে টানা চার উইকেট পেয়েছিলেন। ২০১৯ সালে হরিয়ানার বিরুদ্ধে কর্নাটকের অভিমন্যু মিঠুন ও ২০২১-এ কর্নাটকের বিরুদ্ধে বিদর্ভের দর্শন নালকান্দে এই কাণ্ড করেছিলেন। দু’জনেই ইনিংসের ২০ তম ওভারে ৪ উইকেট পান। এঁদের মধ্যে অভিমন্যু আবার ওই ওভারে পাঁচ উইকেট পেয়েছিলেন।
First Indian bowler to take 4️⃣ wickets in 4️⃣ deliveries on T20 debut Only the 3rd bowler to take 4️⃣ in 4️⃣ in #SMAT WATCH Railways debutant Jamshed Alam’s 5⃣-fer against Saurashtra in SMAT 2026-27 Updates ▶️ https://t.co/xVJET57kuH @mflone_ https://t.co/p1B5tZ6IB7
— BCCI Domestic (@BCCIdomestic) November 22, 2026
এছাড়া ভারতের বাইরে পুরুষদের টি-টোয়েন্টিতে জামশেদের চেয়ে কম বলে পাঁচ উইকেট নিয়েছেন মাত্র দুজন বোলার। ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা কম্বোডিয়ার বিরুদ্ধে মাত্র ছয় বলে পাঁচ উইকেট নেন। অন্যদিকে ফিনল্যান্ডের মহেশ তাম্বে এস্তোনিয়ার বিরুদ্ধে আট বলে পাঁচ উইকেট শিকার করেন। তবে ৩০ রানে ৬ উইকেট হারিয়েও লড়ে যায় সৌরাষ্ট্র। শেষ পর্যন্ত ১৫৩ রানে শেষ হয় তাদের ইনিংস। ২৯ রানে ম্যাচ জেতে রেলওয়েজ।
শেয়ার
লিংক



