0%

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

নিজস্ব প্রতিনিধি: কেনাকাটা করতে গিয়ে দামের দিকে চোখ পড়তেই দেখা যায়, ১০০ টাকার বদলে লেখা ৯৯ টাকা! ২০০ টাকার জায়গায় ১৯৯ আবার ১০০০ টাকার পরিবর্তে ৯৯৯ টাকা। অনলাইন শপিং থেকে শুরু করে শপিং মল সর্বত্রই এই এক টাকার খেলা। প্রথম দেখায় মনে হয়, মাত্র এক টাকারই তো ফারাক! কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন বিক্রেতারা গোল অঙ্কের বদলে এমন অদ্ভুত দাম রাখেন? এর পিছনে রয়েছে ক্রেতার মনস্তত্ত্ব নিয়ে করা এক বিশেষ বিপণন কৌশল। যার নাম ‘সাইকোলজিক্যাল প্রাইসিং’ (Psychological Pricing)। এক টাকার এই সামান্য ব্যবধান কীভাবে কেনাকাটার সিদ্ধান্তকে প্রভাবিত করে? জানুন সেই অজানা কৌশল।  

কেন ১০০০ টাকার তুলনায় ৯৯৯ টাকা কম মনে হয়?

এর পিছনে রয়েছে ‘লেফট ডিজিট এফেক্ট’ (Left-Digit Effect)। সহজ কথায়, কোনও পণ্যের দাম দেখার সময় আমাদের মস্তিষ্ক অনেক ক্ষেত্রে সংখ্যার বাঁ দিকের প্রথম অঙ্কটিকে বেশি গুরুত্ব দেয়। যেমন, ১০০ টাকার তুলনায় ৯৯ টাকা দেখলে দামটা অনেক কম বলে মনে হতে পারে। একইভাবে, ২০০ টাকার বদলে ১৯৯ টাকা কিংবা ১০০০ টাকার পরিবর্তে ৯৯৯ টাকা লেখা থাকলে ক্রেতার মনে তুলনামূলক কম দামের ধারণা তৈরি হয়। আবার ৫০০০ টাকার বদলে ৪৯৯৯ টাকা দেখলেও মনে হতে পারে, পণ্যটির দাম ৫০০০ টাকার চেয়ে কম। যদিও বাস্তবে পার্থক্য মাত্র এক টাকা। কিন্তু দামের এই সামান্য পরিবর্তনই ক্রেতার কেনাকাটার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। সেই কারণেই দীর্ঘদিন ধরে বিপণনের দুনিয়ায় ৯ দিয়ে শেষ হওয়া দামের ব্যবহার দেখা যায়।

‘চার্ম প্রাইসিং’ কী?

ব্যবসার ভাষায় ৯৯, ১৯৯, ৪৯৯ কিংবা ৯৯৯ টাকার মতো দামকে বলা হয় ‘চার্ম প্রাইসিং’ (Charm Pricing) বা ‘নাইন এন্ডিং প্রাইসিং’ (Nine-Ending Pricing)। এই কৌশলের মূল উদ্দেশ্য শুধু দাম কমানো নয়, বরং ক্রেতার কাছে পণ্যের দামকে আরও আকর্ষণীয় করে তোলা। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, ৯ দিয়ে শেষ হওয়া দাম নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ক্রেতাদের কেনাকাটার সিদ্ধান্ত এবং সংস্থার বিক্রির পরিমাণকে প্রভাবিত করতে পারে। তবে সব ধরনের পণ্য, ক্রেতা কিংবা বাজারের ক্ষেত্রে এই কৌশল একইভাবে কাজ করে না।

কীভাবে লাভবান হয় দোকানদার ও অনলাইন সংস্থাগুলি?

ক্রেতাদের কেনাকাটার অভ্যাস এবং মনস্তত্ব-এর কথা মাথায় রেখেই পণ্যের দাম নির্ধারণ করেন বিভিন্ন খুচরো ব্যবসায়ী ও ই-কমার্স সংস্থা। যেমন, ১০০০ টাকার পরিবর্তে ৯৯৯ টাকা দাম রাখলে ক্রেতার কাছে পণ্যটি তুলনামূলক সস্তা বলে মনে হতে পারে। অথচ সংস্থার আয়ের ক্ষেত্রে পার্থক্য থাকে মাত্র এক টাকা। এই কারণেই পোশাক, ইলেকট্রনিক্স, বিভিন্ন সাবস্ক্রিপশন, মোবাইল রিচার্জ এমনকী হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও ৪৯৯, ৯৯৯, ১৪৯৯ কিংবা ৪৯৯৯ টাকার মতো দাম দেখতে পাওয়া যায়। একদিকে ক্রেতার মনে কম দামে কেনার ধারণা তৈরি হয়, অন্যদিকে বিক্রেতারাও এই কৌশল কাজে লাগিয়ে পণ্যের প্রতি ক্রেতার আগ্রহ বাড়ানোর চেষ্টা করেন। আসলে ৯৯ টাকা এবং ১০০ টাকার মধ্যে পার্থক্য মাত্র এক টাকা। কিন্তু এই দুই দামের প্রভাব ক্রেতার মনে একরকম হয় না। সংখ্যার এই মনস্তাত্ত্বিক প্রভাবকেই কাজে লাগিয়ে পণ্যের দামকে আরও আকর্ষণীয় করে তোলেন ব্যবসায়ীরা। এটাই সাইকোলজিক্যাল প্রাইসিংয়ের আসল রহস্য। 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker